লালমোহন উপজেলা আ.লীগে বিরোধ বেড়েই চলেছে
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচন সামনে রেখে লালমোহন উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের কোন্দল আরও তীব্র আকার ধারণ করেছে। সদ্য সাবেক সাংসদ জসিম উদ্দিন আহম্মেদের পক্ষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ কে এম নজরুল ইসলামের এবং নজরুল পক্ষ জসিম উদ্দিনের বহিষ্কার দাবি করেছে।লালমোহন আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, ২০০৮ সালের সংসদ নির্বাচনের সময় শুরু হওয়া আওয়ামী লীগের দুই পক্ষের কোন্দল প্রকাশ্য রূপ নেয় উপজেলা নির্বাচনের সময়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নজরুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য গিয়াসউদ্দিন আহাম্মেদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন। ওই সময় নজরুল ইসলামের বিরোধিতা করেন সাংসদ জসিম। এমনকি সভাপতি পদ থেকে তাঁকে (নজরুল ইসলাম) বহিষ্কারের চিঠিও দেওয়া হয়। উপজেলা নির্বাচনে জয়ী হওয়ার পর নজরুল ইসলাম জেলা জজ আদালতে সাংসদ জসিমের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেন। এর পর থেকেই লালমোহনে আওয়ামী লীগের প্রকাশ্য দ্বন্দ্ব বাড়তে থাকে। বিবদমান দুই পক্ষে সাধারণ সম্পাদকও দুজন। উপজেলা চেয়ারম্যানের পক্ষের সাধারণ সম্পাদক আলী রেজা মিয়া জানান, ১৩ বছর আগে বজলুর রহমান পদত্যাগ করার পর থেকে তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। কিন্তু সাংসদ নির্বাচিত হওয়ার পর জসিম দলের শৃঙ্খলা ভঙ্গ করে তাঁকে (বজলুর রহমান) সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। তিনি অভিযোগ করেন, ‘জসিম আওয়ামী লীগের নেতা-কর্মীদের মূল্যায়ন না করে টিআর, কাবিখাসহ সব কাজে লুটপাট করেছেন। তাঁর ভাই-ভাতিজারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দুর্নীতির দায়ে জসিমকে সেনাবাহিনী থেকে অকালীন অবসর দেওয়া হয়। এখনো তিনি দুর্নীতি করছেন।’ তিনি আরও জানান, এ জন্য আওয়ামী লীগ থেকে তাঁর বহিষ্কার দাবি করা হয়েছে। এ কে এম নজরুল ইসলাম বলেন, এক সপ্তাহের মধ্যে জসিম উদ্দিনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করা হবে। এদিকে ৬ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় ডাকবাংলোর হলরুমে জসিম সমর্থিত উপজেলা আওয়ামী লীগের একটি অংশ জরুরি সভা করে সভাপতির পদ থেকে নজরুলের অব্যাহতি দাবি করে। এই সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (জসিম নিযুক্ত) বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম হাওলাদার, প্রচার সম্পাদক সুকুমার প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ভোলা-৩ আসন শূন্য ঘোষণার পর নজরুল ইসলাম বিএনপির কর্মীদের সঙ্গে আনন্দ-উল্লাস করেছেন। তিনি ও তাঁর কর্মীরা বিএনপির ‘বি টিম’ হিসেবে কাজ করছেন। এ কারণে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে।সদ্য সাবেক সাংসদ জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দলের শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপির সঙ্গে হাত মিলিয়েছেন নজরুল। বিরোধী দলের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছেন তিনি।’ জসিম দাবি করেন, কোনো তথ্য গোপন করে তিনি নির্বাচনে প্রার্থী হননি। তিনি বলেন, ‘আসন্ন উপনির্বাচনে যিনিই দলের মনোনয়ন পান, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আওয়ামী লীগের নামধারী এ শত্রুকে দল থেকে বহিষ্কার করতে হবে।’