ভোলা জেলা জজ আদালত থেকে লালমোহন জ্যেষ্ঠ সহকারী জজ আদালত ও জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত লালমোহন উপজেলায় স্থানান্তর আদেশ বাতিলের দাবিতে ভোলা আইনজীবী সমিতি গতকাল রোববার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। ভোলার গাজীপুর সড়কে সমিতি ভবনের সামনে বেলা ১১টা থেকে ২০ মিনিট স্থায়ী মানববন্ধন শেষে আইনজীবী সমিতির নেতারা জেলা জজের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি পেশ করেন। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ লিখিত বক্তব্য পড়েন। সংবাদ সম্মেলনে বলা হয়, আদালত স্থানান্তরের দায়িত্ব প্রধান বিচারপতির। আইন মন্ত্রণালয় বেআইনিভাবে প্রশাসনিক আদেশ বলে আদালত স্থানান্তর করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: ফিরোজ কিবরিয়া, ওবায়দুল্যাহ হাওলাদার, তরিকুল ইসলাম, হাবিবুর রহমান, বশির উদ্দিন, কৃষ্ণ দাস, মো. শাজাহান, সৈয়দ আশ্রাফ হোসেন, মাকসুদুর রহমান, নেজামুল হক, আমিরুল ইসলাম, প্রমুখ।