লালমোহনে আদালত স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে আন্দোলন
ভোলা জেলা জজ আদালত থেকে লালমোহনে দুটি আদালত স্থানান্তর করার উদ্যোগের প্রতিবাদে জেলা আইনজীবী সমিতি আন্দোলনে নেমেছে। এ আন্দোলনের অংশ হিসেবে আইনজীবীরা আজ রোববার মানববন্ধন করবেন। গত বৃহস্পতিবার বিকেলে আইনজীবী সমিতির কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি শহিদুল্লাহ প্রথম আলোকে জানান, জানুয়ারি মাসের শেষ দিকে লালমোহন উপজেলা জ্যেষ্ঠ সহকারী জজ আদালত ও জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ভোলা থেকে লালমোহনে স্থানান্তর করার লক্ষ্যে আইন মন্ত্রণালয় থেকে জেলা জজ বরাবর চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে লালমোহনের অবকাঠামোগত অবস্থান, লোকবল, মামলার সংখ্যা সম্পর্কে জানতে চাওয়া হয়। জেলা জজ ইতিমধ্যে বিষয়টি জানিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন। আইনজীবী সমিতির সভাপতি দাবি করেন, স্থানীয় রাজনীতি দ্বারা বিচারকার্যকে প্রভাবিত করার জন্যই একটি পক্ষ লালমোহনে আদালত সরিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে। এতে বিচারপ্রার্থী ও অপরাধী সঠিক বিচার পাবে না।