লালমোহনে এক ব্যক্তি এসিড-সন্ত্রাসের শিকার
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চর উমেদ গ্রামে মো. হাবিবুল্লাহ (৪৭) নামের এক ব্যক্তি এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। এতে তাঁর সারা শরীর ঝলসে গেছে। গত শনিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।গুরুতর আহত হাবিবুল্লাহকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ভোলা সদর হাসপাতালে এবং গতকাল রোববার ঢাকায় এসিড সারভাইভরস ফাউন্ডেশনে চিকিত্সার জন্য নেওয়া হয়েছে।এসিড-সন্ত্রাসের শিকার হাবিবুল্লাহ ভোলা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় জানান, প্রতিবেশী নজিবুল্লাহ, সাইদুল হক, নুরনবী ওরফে বেঁচু মিয়া, মহিউদ্দিন, ইসমাঈল ও সালাউদ্দিনের সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। হাবিবুল্লাহ অভিযোগ করেন, গত শনিবার রাত নয়টার দিকে তিনি বাড়ি ফেরার পথে বাড়ির সামনের রাস্তায় সাইদুল হক ও বেঁচু মিয়াসহ চার-পাঁচজন তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে গলা টিপে হত্যার চেষ্টা করে। এ সময় চিত্কার শুনে গ্রামবাসী এগিয়ে এলে ওই চার-পাঁচজন তাঁর শরীরে এসিড ঢেলে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা সন্তোষ কুমার হাবিবুল্লার শরীর এসিডে ঝলসে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।নুরনবী ওরফে বেঁচু মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি শনিবার দুপুরে চট্টগ্রামে চলে এসেছি। প্রমাণস্বরূপ আমার কাছে বাসের টিকিট আছে।’লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন ফকির বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত কেউ মামলা করেনি। তবে এ পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে বিষয়টি সাজানো।