লালমোহনে জব্দ করা জাল ছিনিয়ে নিয়েছেন জেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার বান্ধের মাথা এলাকার তেঁতুলিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে জব্দ করা জাল জেলেরা হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় উপজেলা মত্স্য কর্মকর্তা রুহুল কুদ্দুস ও পুলিশের সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় ৮৪ জনকে আসামি করে মঙ্গলবার লালমোহন থানায় মামলা করেছেন রুহুল কুদ্দুস। প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে, রুহুল কুদ্দুস গত সোমবার পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ফরাশগঞ্জের বান্ধের পাড়, চর কচ্ছফিয়া, লঞ্চঘাট, নাজিরপুরসহ বিভিন্ন এলাকায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালান। এ সময় ৩০-৪০টি মশারি, বেহুন্দিজাল, কোনাজাল ও কারেন্টজাল জব্দ করেন। যার মূল্য প্রায় সাত লাখ টাকা। জব্দ করা জাল নিয়ে লালমোহনে ফেরার পথে জেলেরা মত্স্য কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা করে জাল ছিনিয়ে নেন।জেলেরা অভিযোগ করেছেন, মত্স্য কর্মকর্তা ও পুলিশকে যাঁরা ঘুষ দিয়েছেন, তাঁদের জাল ছেড়ে দেওয়া হয়েছে, যাঁরা দেননি তাঁদের জাল নিয়ে যাচ্ছিল। এ কারণে ক্ষিপ্ত হয়ে তাঁরা নিজেদের জাল ছিনিয়ে নিয়েছেন।রুহুল কুদ্দুস ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, জব্দ করা জাল ছিনিয়ে নেওয়ার জন্য খাল গোড়া এলাকার সন্ত্রাসী মঞ্জু পাটওয়ারী বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সুযোগে জেলেরা তাঁদের জাল নিয়ে গেছেন।ভোলা জেলা মত্স্য কর্মকর্তা তোফাজ উদ্দিন বলেন, ‘উপজেলা মত্স্য কর্মকর্তা, কর্মচারী ও পুলিশের ওপর হামলা হয়েছে শুনেছি। তবে কী কারণে হয়েছে জানি না।’