ভোলার লালমোহন পৌরসভায় নির্বাচনী কোনো পরিবেশ নেই। সেনাবাহিনী মোতায়েন না করলে নির্বাচনী প্রচারকাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। গতকাল রোববার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত প্রার্থী এনায়েত করীম পাটওয়ারী লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। এনায়েত করীম আরও বলেন, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাংসদ লালমোহন পৌরসভায় উপস্থিত থেকে আওয়ামী লীগের প্রার্থী এমদাদুল হক তুহিনের পক্ষে ভোট চাইছেন। তাঁরা দেয়ালে পোস্টার সাঁটা, পথসভার নামে জনসভা, গণসংযোগের নামে মিছিল-মিটিংসহ একাধিক আচরণবিধি লঙ্ঘন করছেন। এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী তাঁর সন্ত্রাসী কর্মী লেলিয়ে দিয়ে গত ২৯ ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত বিএনপি সমর্থিত প্রার্থীর ২০ কর্মীকে মারধর করে আহত করেছেন। গত ৩০ ডিসেম্বর ওই সন্ত্রাসীরা দা, বগিদা, লাঠি, অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের গণসংযোগে হামলা করলে মোতাহার, সবুজ, ছাদেক, বজলুসহ ১২ জন আহত হয়েছেন। লালমোহন থানায় একাধিকবার অভিযোগ দায়ের করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ নেননি।আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী রেজা মিয়া প্রথম আলোর কাছে প্রতিপক্ষ প্রার্থীর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা কোনো আচরণবিধি লঙ্ঘন করছেন না। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ বছর অনেকেই নতুন প্রার্থী। অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছেন। কিছু অভিযোগ মৌখিক ও লিখিত পেয়েছি।’ ভোলা জেলা পুলিশ সুপার মো. বশির আহমেদ প্রথম আলোকে বলেন, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএনপির প্রার্থীর অভিযোগ নেননি এমন অভিযোগ সত্য নয়।