লালমোহনে পুকুর দখল করে স্থাপনা নির্মাণ
ভোলার লালমোহন উপজেলা যুবলীগের সভাপতি এবং স্থানীয় একটি মসজিদ কমিটির এক সদস্য পৌরসভার উত্তর বাজারের একটি পুকুরের কিছু অংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পুকুরের প্রায় ১০-১৫ হাত ভেতরে পাকা পিলার তোলার কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগ, লালমোহন উপজেলা যুবলীগের সভাপতি অরুন পঞ্চায়েত এবং ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত বায়তুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সদস্য মো. দুলাল ওই স্থাপনাগুলো নির্মাণ করছেন। লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোস্তফা মিয়া বলেন, ‘শতাধিক বছরের পুরোনো পুকুরটি লালমোহন বাজার প্রতিষ্ঠার সময়ে খনন করা হয়েছিল। এ পুকুরে প্রতিদিন সহস্রাধিক মানুষ গোসল, অজুসহ ধোয়ামোছার কাজ করেন। যতদূর বুঝি, পুকুরটি সংস্কার ও খনন করা দরকার। তা না করে এটি দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। যদি তাঁরা এ নির্মাণকাজ বন্ধ না করেন, তবে আমরা আন্দোলনে যাব।’ লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম বলেন, ‘গত বুধবার সেখানে গিয়ে আমি কাজ বন্ধ করে দিয়েছি। কিন্তু তাঁরা আবার নির্মাণকাজ শুরু করেছেন।’ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মর্কতা জাকির হোসেন জানান, পুকুর দখল বা ভরাট করা বেআইনি। বিষয়টি তিনি জানেন না। এ ব্যাপারে খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লালমোহন উপজেলা যুবলীগের সভাপতি অরুন পঞ্চায়েত বলেন, ‘আমি ডিসিআর কেটে সেখানে স্থাপনা নির্মাণ করছি।’ ডিসিআর করে পাকা স্থাপনা নির্মাণ করা অবৈধ হওয়ার পরও তিনি কেন নির্মাণ করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, তিনি পুকুরে পাকা স্থাপনা নির্মাণ করছেন না। তাঁর ব্যবসা প্রতিষ্ঠানটি যাতে পাড় ভেঙে পুকুরে পড়ে না যায়, সে জন্য পিলার দিয়ে গাইড ওয়াল নির্মাণ করছেন।মসজিদ কমিটির সদস্য মো. দুলালও ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষায় ডিসিআর কেটে গাইড ওয়াল নির্মাণের কথা বলেন।