লালমোহনে প্রতিমা ভাঙচুর, আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহনে মন্দিরের প্রতিমা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের ভোলা জেলা শাখার আয়োজনে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদাপ্রাসাদ গ্রামের কৃষ্ণ সরকারের আঙিনা শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির সড়কে বেলা একটায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ফোরামের ভোলা জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ, ভোলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. শাজাহান, বোরহানউদ্দিন মহিলা কলেজের প্রভাষক শিশির মজুমদার, ভোলা জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অধ্যক্ষ দুলাল চন্দ্র ঘোষ, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কাশেম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ভোলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন প্রমুখ।

শুক্রবার দুপুরে ইউনিয়নের চর অন্নদাপ্রাসাদ গ্রামে কৃষ্ণ সরকারের আঙিনা শ্রীশ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের আটটি প্রতিমা ভাঙচুর করে সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে, ওই সন্ত্রাসী বাহিনীর নেতৃত্বে ছিলেন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি আহমেদ। সন্ত্রাসীরা এ সময় মন্দিরে থাকা সেবাইত কিরণ চন্দ্র দাসসহ কয়েকজনকে পিটিয়ে জখম ও পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ ঘটনায় কিরণ চন্দ্র দাস আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।