লালমোহনে বিএনপির কর্মী সমাবেশ বাধায় পণ্ড
ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দীন) সংসদ উপনির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লালমোহনে আগমন উপলক্ষে উপজেলার বদরপুর ইউনিয়ন বিএনপির কর্মিসমাবেশ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাধায় পণ্ড হয়ে গেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল সোমবার বিএনপির কর্মী-সমর্থকদের ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিয়াজ হোসেন জানান, ‘উপনির্বাচনের তফসিল ঘোষণার পর বেগম খালেদা জিয়া লালমোহনে আসবেন। এ উপলক্ষে দলের ঊর্ধ্বতন নেতাদের নির্দেশে তাঁরা বদরপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের করীম বিশ্বাসের বাড়িতে রোববার সকাল ১০টায় কর্মিসমাবেশের ডাক দেন। এতে, বদরপুরের সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহম্মেদের নির্দেশে বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ তালুকদারের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা পথে পথে বিএনপির নেতা-কর্মীদের বাধা দেয়। বদরপুরের ইউপি চেয়ারম্যান ফজলুর রহমানকে লাঞ্ছিত ও ইকবাল, আবদুর রহমানসহ বিএনপির ১০ জন কর্মীকে মারধর করা হয়। বদরপুর ইউনিয়নে কোনো সভা-সমাবেশ না করারও হুমকি দেওয়া হয়।’ বিএনপি নেতা নিয়াজ আরও অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের কর্মীরা গতকাল সকালে হাজীরহাট বাজারে তাঁর দুটি দোকান, মো. জসিম মেম্বারের দুটি দোকান, মো. জামসেদের ইলেক্ট্রনিকসের দোকান, কবির হোসেনের ওষুধের দোকানঘরে তালা লাগিয়ে দেয়।’ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, বদরপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপনির্বাচনের সম্ভাব্য প্রার্থী গিয়াসউদ্দিন আহাম্মেদ প্রথম আলোকে বলেন, ‘বিএনপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। চারদলীয় জোট সরকারের সময় বদরপুরের চেয়ারম্যান ফজলুর রহমান ও তাঁর কর্মীদের চাঁদাবাজি-নির্যাতনের শিকার লোকজনই হয়তো ক্ষিপ্ত হয়ে বিএনপির কর্মীদের ওপর হামলা করেছে।’