লালমোহনে বিএনপির সমাবেশে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহনে বিএনপির কর্মী সমাবেশে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন নেতা-কর্মী আহত হন।লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত কবীর পাটোয়ারী বলেন, ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) উপনির্বাচন উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কয়েক দিনের মধ্যে লালমোহনে আসছেন। তাঁর আগমন উপলক্ষে উপজেলার লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপি কর্মী সমাবেশের ডাক দেয়।এনায়েত অভিযোগ করেন, মাগরিবের নামাজের বিরতির পর সমাবেশ শুরু হলে আওয়ামী লীগের ৫০-৬০ জনের একটি দল মোটরসাইকেলে করে লাঠিসোঁটা নিয়ে সমাবেশে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা বিদ্যালয়ের বেঞ্চ ও জানালা ভাঙচুর করে।জানা গেছে, হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক এনায়েত, যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, আবুল বাশার ও বাবুল পঞ্চায়েত, উপজেলা যুবদলের সভাপতি মার্শাল হীমু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দুলাল মিয়া, নান্নুসহ প্রায় ৫০ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচ-ছয়জন ছাত্রলীগের কর্মীও রয়েছেন।লর্ড হাডিঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম দাবি করেন, বিএনপির সমাবেশের পাশ দিয়ে জসিম উদ্দিন নামের ছাত্রলীগের এক কর্মী যাওয়ার সময় সমাবেশ থেকে তাঁকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তারপর তিনি কিছু লোক নিয়ে হই-হুল্লোড় করেন। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, বিএনপি ও আওয়ামী লীগ দুই ধরনের বক্তব্য দিচ্ছে। তবে কারা দোষী বোঝা যাচ্ছে না। কেউ মামলা করেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।