লালমোহনে মা-মেয়ের শ্লীলতাহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গোদাখালী গ্রামে মা-মেয়ের শ্লীলতাহানি করেছে একদল দুর্বৃত্ত।উপনির্বাচনের আগের রাতে (শুক্রবার মধ্যরাতে) পাশের গ্রামের সিরাজ মৃধা, সোহাগ, সুমন, জুয়েল, সাইফুল ও আবদুল্লাহর নেতৃত্বে ৮-১০ জন বাড়িতে ঢুকে এ ঘটনা ঘটায় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই মেয়েটিকে ফোনে ও রাস্তায় উত্ত্যক্ত করত। লালমোহন উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে গোদাখালী গ্রামটি একেবারে নিরিবিলি। রাস্তাঘাটও এবড়োখেবড়ো। গতকাল দুপুরে ওই বাড়িতে গেলে এই প্রতিবেদকের মোটরসাইকেলের আওয়াজ শুনে পরিবারের সবাই আতঙ্কে ঘরে ঢুকে পড়েন। সাংবাদিক পরিচয় পাওয়ার পর তাঁরা কথা বলেন। এ সময় আশপাশের বাড়ির কয়েকজনও আসেন। শুক্রবার রাতের ঘটনা জানতে চাইলে ঘটনার শিকার মা-মেয়ে ও গৃহকর্তা হাউমাউ করে কাঁদতে থাকেন। পুলিশকে ঘটনা জানানো হয়েছে কি না, জানতে চাইলে তাঁরা বলেন, ভয়ে তাঁরা বাড়ির বাইরে যাচ্ছেন না। আবারও হামলা হয় কি না, সে ভয়ে আছেন তাঁরা। স্কুলপড়ুয়া মেয়েটি ও তার মা প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা রামদা, বগিদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে ঘরের বাইরে দাঁড়িয়ে দরজা খুলতে বলে। একপর্যায়ে ঘরের বেড়ায় বাড়ি দিয়ে ভাঙার চেষ্টা করলে মেয়েটির বাবা দরজা খুলে দেন। ঘরে ঢুকেই সন্ত্রাসীরা মায়ের গলায় রামদা ধরে। পরে মেয়ের কক্ষে যায়। মেয়েটির বাবা বলেন, ‘সেখানে এক ঘণ্টার মতো সন্ত্রাস করে দুর্বৃত্তরা। যাওয়ার সময় ওরা ঘর থেকে মোবাইল ফোনসেট ও স্বর্ণের চেইন নিয়ে যায়।’মেয়েটি বলে, ‘ওরা আমার হাত ধরে টেনে বাইরে নিতে চায়। চিৎকার দিতে গেলে গলায় রামদা ঠেকায়। আমি আরেক হাতে খাটের কোনা আকড়ে ধরে থাকি।’ এ কথা বলতে বলতে কাঁদতে থাকে মেয়েটি। কাঁদেন তার বাবা-মাও।মেয়েটির বাবা বলেন, তিনি ঘরের সিলিংয়ে লুকিয়ে ছিলেন। নিচে নামলে হত্যা করা হবে, এই ভয়ে তিনি শব্দ করেননি। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘বাপ হইয়া মাইয়ার এমন সর্বনাশ কেমুনে দেহুম, আল্লাহ তুমি আমারে এ মুহূর্তে উঠাইয়া লইয়া যাও...।’গতকাল এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন প্রতিবেশী আমির হোসেন, আবদুল মোনাফ, বিউটি বেগম, লিলমতি, রতন ও ঝান্টু। দুর্বৃত্তরা সশস্ত্র থাকায় তাঁরা প্রতিবাদ করার সাহস পাননি বলে জানান। কচুয়াখালীর ইউপির সদস্য নান্নু মিয়া প্রথম আলোকে বলেন, একই যুবকেরা ওই রাতে প্রথমে তাঁর ‘বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। এরপর ওই বাড়িতে যায়।’পশ্চিম চর উমেদ ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম হাওলাদার বলেন, ওই রাতের ঘটনায় ভুক্তভোগীরা বিচার চাইতে এসেছিল। তিনি বলেন, ‘বিচারে যে দোষী সাব্যস্ত অইব, হের বিচার করুম।’এ ব্যাপারে জানতে চাইলে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের ঘটনা শুনিনি। এখনই খোঁজ নিতে লোক পাঠাচ্ছি।’