লালমোহনে সাবেক সাংসদের গাড়িবহরে হামলা-ভাঙচুর
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ মেজর (অব.) জসিম উদ্দিনের গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। গত রোববার ভোলার তজুমদ্দিন উপজেলার চৌমুহনী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই দিন জসিম উদ্দিন লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, এ আসনের বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরী তাঁকেসহ অন্য রাজনীতিবিদদের এলাকায় ঢুকতে দিচ্ছেন না। একই সঙ্গে তিনি তাঁর গাড়িবহরে হামলার ঘটনার জন্য নুরুন্নবী চৌধুরীকে দায়ী করেন।গতকাল সোমবার সকালে লালমোহন প্রেসক্লাবে বর্তমান সাংসদের পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতারা পাল্টা সংবাদ সম্মেলন করে সাবেক সাংসদ জসিমের গাড়িতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। এ সময় তাঁরা দাবি করেন, এ হামলার ঘটনার সঙ্গে বর্তমান সাংসদ নুরুন্নবী চৌধুরীর কোনো সম্পৃক্ততা নেই। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী রেজা মিয়া, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ফখরুল আলম হাওলাদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক দিদারুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াছমিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাবেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে সাংসদ নুরুন্নবী চৌধুরীর সমর্থক ও যুবলীগের কর্মী ফরিদ তালুকদারের নেতৃত্বে কয়েকজন জসিম উদ্দিনের গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। এ ঘটনায় জসিম উদ্দিন তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সাবেক সাংসদ জসিম রোববার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলেন, ‘আমি প্রতি ঈদে শুভেচ্ছা বিনিময় করার জন্য আমার নির্বাচনী এলাকায় আসি। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে তজুমদ্দিন উপজেলার চৌমুহনী বেড়িবাঁধে জেলেদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাই। এ সময় তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাশেম তালুকদারের ছেলে যুবলীগের নেতা ফরিদ তালুকদারের নেতৃত্বে একদল ক্যাডার আমার গাড়িবহরে হামলা চালায়।’ এ সময় হামলার কারণ জিজ্ঞেস করলে ফরিদ বলেন, ‘এটা শাওন ভাইর এলাকা, এখানে তাঁর অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ।’সংবাদ সম্মেলনে সাবেক সাংসদ আরও বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে ভোলা-৩ আসনের জনগণ বিএনপির রাহুর গ্রাস থেকে মুক্ত হতে আমাকে নির্বাচিত করেছিল। আইনি জটিলতায় আমি সংসদ সদস্য পদ হারাই। আমি সাংসদ না থাকলেও এ এলাকা আমার। আমার ইমেজ নিয়েই উপনির্বাচনে শাওন (নুরুন্নবী চৌধুরী) সাংসদ হয়েছিলেন। এখন আমি সাংসদ না থাকলেও এ এলাকা আমার। এখানে অবস্থান করার অধিকার অবশ্যই আমার রয়েছে। কিন্তু শাওন আমাকে এলাকায় আসতে দিচ্ছেন না। শুধু আমাকে নয়, আগামী নির্বাচনে আওয়ামী লীগের আরেক সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী মোবাশ্বের আলীকে এলাকায় আসতে বাধা দেওয়া হচ্ছে। যেই এ এলাকায় নির্বাচনী মনোভাব নিয়ে আসবে শাওন ক্যাডার লেলিয়ে তাঁকেই পিটিয়ে জখম করবেন। শাওন চাচ্ছেন না এ এলাকায় কেউ আসুক, এলাকার জন্য কাজ করুক।’ এসব বিষয়ে সাংসদ নুরুন্নবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।অভিযুক্ত যুবলীগের কর্মী ফরিদ তালুকদার বলেন, ‘আমি সাবেক সাংসদ জসিম উদ্দিনের কাছে তিন লাখ টাকা পাই। চৌমুহনী বাঁধে ওই টাকা চাইতে গিয়েছিলাম। কিন্তু তাঁর গাড়িতে কোনো রকম হামলা করিনি।’