লালমোহনে হাফিজের গাড়িবহরে আ.লীগের কর্মীদের হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহম্মেদের গাড়িবহরে গতকাল শুক্রবার আওয়ামী লীগের কর্মীরা দুই দফা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। বিএনপির অভিযোগ, হামলাকারীরা গাড়িবহরের সঙ্গে থাকা যুবদলের দুই নেতা ও ২০ কর্মীকে পিটিয়ে আহত করেছে। তারা বিএনপির কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করে এবং মুঠোফোন, নগদ টাকা ছিনতাই করে বলেও অভিযোগ করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও একাধিক সূত্র জানায়, গতকাল সকালে হাফিজউদ্দিন আহাম্মেদ লঞ্চে ঢাকা থেকে লালমোহনে এলে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানাতে মঙ্গল শিকদার লঞ্চঘাটে যান। বহরটি সকাল আটটায় লালমোহন পৌরসভার থানা মোড়ে এলে বহরের মোটরসাইকেলের সঙ্গে এক পথচারীর ধাক্কা খাওয়া নিয়ে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রথম দফা হামলা চালান। পরে দলীয় নেতা-কর্মীরা হাফিজ উদ্দিনকে বাসভবনে এগিয়ে দিয়ে ফেরার পথে দ্বিতীয় দফায় হামলার শিকার হন। দুই দফা হামলা ও বিচ্ছিন্ন মারধরের ঘটনায় বিএনপির কর্মী সফিউল্যাহ, মফিজ ও তাঁর ছেলে, সফি সওদাগর, হাবিব মহাজন, তজুমদ্দিন চাচড়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি জাকির, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ প্রায় সাত-আটজন আহত হন। আহত ব্যক্তিরা ভয়ে হাসপাতালে চিকিৎসা না নিয়ে বাসায় চিকিৎসা নিয়েছেন। হামলার ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহাম্মেদ প্রথম আলোকে জানান, তিনি দলীয় কর্মসূচি বাস্তবায়নে গতকাল ঢাকা থেকে লঞ্চে লালমোহনে যান। ঘাটে নামার পর শতাধিক নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে তাঁকে এগিয়ে আনতে যান। কর্মীদের নিয়ে পৌর শহরের থানার মোড়ে পৌঁছামাত্র আওয়ামী লীগের কর্মীরা তাঁর গাড়িবহরে হামলা করেন। তাঁকে বাসায় পৌঁছে ফেরার পথে আবার হামলার শিকার হন তাঁর কর্মীরা। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, তারা কোনো পদক্ষেপ নেয়নি।এ ব্যাপারে লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে কে বা কারা তাঁদের বহরে হামলা চালিয়েছে, তা বলতে পারব না।’লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন খান বলেন, ‘এটা আওয়ামী লীগ-বিএনপির বিষয় না। বিএনপির বহরে থাকা কর্মী এক পথচারীকে “অ্যাক্সিডেন্ট করেছে”। এতে পথচারীরা ক্ষেপে তাঁদের ওপর চড়াও হয়। কেউ লিখিত অভিযোগ না করায় কাউকে আটক করিনি।’