ভোলার লালমোহন উপজেলার আলামিয়া হাফেজিয়া মাদ্রাসা থেকে গতকাল সোমবার শিকলবাঁধা আহত এক শিশুছাত্রকে উদ্ধার করা হয়েছে। ছাত্রটিকে নির্যাতনের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ নোমানকে গ্রেপ্তার করা হয়।আবু নাঈম (১০) নামের এই ছাত্রটিকে উদ্ধারের পর লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে তার বাড়ি।নাঈমের বাবা রুহুল আমিন ও মা আকলিমা বেগমের ভাষ্যমতে, বছর খানেক আগে নাঈমকে তাঁরা চরভুতা ইউনিয়নের আলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করান। মাদ্রাসার শিক্ষক হাফেজ নোমান ছাত্রদের ওপর নির্যাতন চালিয়ে আসছেন। তাঁদের ছেলের ওপরও তিনি নির্যাতন চালাচ্ছিলেন। ছেলের ভালো হবে ভেবে এত দিন এ ব্যাপারে তাঁরা কিছু বলেননি। নাঈমের ভাষ্যমতে, গত শুক্রবার বিকেলে পড়া শেষ করে বন্ধু আবদুর রহমানের সঙ্গে খেলতে যায় সে। একপর্যায়ে রহমান বাড়ি গিয়ে তার বাবা শাহাবুদ্দিন হাওলাদারের মানিব্যাগ নিয়ে আসে। মাঠের পাশেই দাঁড়ানো শিক্ষক হাফেজ নোমান ঘটনাটি দেখতে পেয়ে মানিব্যাগটি নিয়ে যান। মানিব্যাগে তিন হাজার ৭০০ টাকা ছিল। তা থেকে দুই হাজার টাকা বের করে নিজের কাছে রেখে দেন তিনি।নাঈম দাবি করে, এ ঘটনা সেদিনই জানাজানি হলে তাকে (নাঈম) চুরির দায় স্বীকার করতে চাপ দেন নোমান। এতে সে রাজি না হওয়ায় রাতে তাকে মারধর করা হয়। সকালে পায়ে শিকল দিয়ে বেঁধে আটকে রাখা হয়। এভাবে টানা তিন দিন তার ওপর নির্যাতন চলে। নাঈমের বাবা রুহুল আমিন বিষয়টি জানতে পেরে লালমোহন থানায় খবর দেন।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে আহত ও শিকলবাঁধা অবস্থায় নাঈমকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাঈমের বাবা বাদী হয়ে লালমোহন থানায় মামলা করেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষক হাফেজ নোমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।