ধলাই নদের উজানে ভারতের জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণ বন্ধ করার দাবিতে সিলেটের জৈন্তাপুরের লালাখালে নাগরিক সমাবেশ করেছে ‘সারী বাঁচাও আন্দোলন’। রোববার রাত নয়টায় লালাখালের বটতলাবাজারে আয়োজিত সমাবেশে নদীর পারের লোকজন একাত্ম হন। নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সারী বাঁচাও আন্দোলনের সভাপতি আবদুল হাই, সহসভাপতি মনজুর আহমদ, মাহবুবুল আলম, আলম তোফায়েল, বিনয় কুমার দে, রাহেল আলম, মোস্তাক আহমদ, ইউনুছ আলী, মিজানুর রহমান, চারিকাটা ইউপি সদস্য আজির উদ্দিন বক্তব্য দেন। বক্তারা সারী নদীর উজানে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণের পর এবার ধলাই নদের উজানে ভারতের বাঁধ দেওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারের নীরব ভূমিকার কঠোর সমালোচনা করেন। তাঁরা বলেন, সারী নদীর জীববৈচিত্র্য দিন দিন হ্রাস পাচ্ছে। একসময় এ অঞ্চল মরুভূমিতে পরিণত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তাই মানুষের জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে সবাইকে অংশ নিতে হবে। সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ধলাই নদের উজানমুখে ভারতের বাঁধ প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান। বাঁধ হয়ে গেলে ক্ষতিকর হলো কি না—এসব দেখে লাভ হবে না।