লালুয়া ইউনিয়নে নেই কোনো আশ্রয়কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাগর মোহনায় রামনাবাদ নদীর পারে অবস্থিত লালুয়া ইউনিয়নের সাতটি গ্রামের মানুষের জন্য কোনো ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেই। ফলে দুর্যোগের সময় মারাত্মক ভোগান্তির শিকার হন এসব গ্রামের বাসিন্দারা।গ্রামবাসী জানান, ইউনিয়নের ছোট পাঁচ নং, হাসনাপাড়া, চৌধুরীপাড়া, নাওয়াপাড়া, ধনজুপাড়া ও এগার নং হাওলা এবং মুন্সিপাড়া গ্রামে কোনো আশ্রয়কেন্দ্র নেই। পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রগুলো এসব গ্রাম থেকে কমপক্ষে চার-পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্যোগের সময় আশ্রয় নেওয়ার জন্য ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে একমাত্র মাটির টিলা (কিল্লা) রয়েছে। ১৯৭৪ সালে পাঁচ একর জমির ওপর এ কিল্লাটি নির্মাণ করা হয়। তবে দীর্ঘ ৩৯ বছরেও সংস্কার না হওয়ায় কিল্লাটি ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। কিল্লাটির ওপরে ওঠার জন্য কোনো রাস্তা নেই। আগে দক্ষিণ পাশে একটি রাস্তা ছিল। সেটিও ঘূর্ণিঝড় সিডরের সময় পানির প্রবল চাপে ভেঙে যায়। বাকি তিন দিকে রয়েছে খাল। ফলে দুর্যোগের সময় কিল্লাটিতে আশ্রয় নিতে গিয়ে ভোগান্তির শিকার হন গ্রামবাসী। কিল্লার ওপরের অবস্থাও খারাপ। বন-জঙ্গলে ভরে গেছে। তা ছাড়া উপরিভাগের সমতল ভূমি গভীর হয়ে পুকুরে পরিণত হয়েছে। বর্ষা হলে সেখানে পানি জমে থাকে। ফলে দুর্যোগের সময় গ্রামের যেসব মানুষ কিল্লার ওপরে আশ্রয় নেন, তাঁদের দুর্ভোগের কোনো শেষ থাকে না।নাওয়াপাড়া গ্রামের বাসিন্দা কুলসুম বেগম বলেন, ‘কি কমু দুঃখের কতা, এইফিরও মহাসেনের বিপদের কতা হুইন্যা কোন কুল-কিনারা না পাইয়া কিল্লার উপরে যাইয়া উটছি। বিশ্বাস করবেন না, বৃষ্টি আর বাতাসের মধ্যে পলিথিন মুড়া দিয়া রাইতটা পার করছি।’ একই গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মজিবর রহমান বলেন, ‘সাতটি গ্রামের লোকসংখ্যা প্রায় পাঁচ হাজার। এসব মানুষের জান-মাল রক্ষায় জরুরিভাবে আশ্রয়কেন্দ্র কইর‌্যা দেওয়া উচিত। গেল কয়েক বছর ধইর‌্যা আমরা উপজেলা প্রশাসনে যাইয়া এই ব্যাপারে বহু দেনদরবার করছি।’লালুয়া ইউপির চেয়ারম্যান মো. রেজাউল করিম বিশ্বাস বলেন, তাঁরা আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য গ্রামগুলোর মধ্যবর্তী সৈয়দ গাজী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের কিছু জমি নির্ধারণ করে দিয়েছিলেন। এ ব্যাপারে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনাও দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়নি।কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসলে এটা ঠিক, দুর্যোগকালীন ওই সাতটি গ্রামের মানুষের আশ্রয় নেওয়ার মতো কোনো স্থান নেই। আমরাও এ নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। তবে এখন পর্যন্ত কারও কাছ থেকে কোনো আশ্বাস পাইনি।’