লালুয়ার বানভাসি মানুষের মোনাজাত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানভাসি ও বাঁধভাঙা মানুষ দুর্দশা থেকে মুক্তি কামনা করে ইফতার ও মোনাজাতের আয়োজন করেছেন। লালুয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর গত রোববার এ আয়োজন করা হয়।
চাড়িপাড়া, পশরবুনিয়া, বানাতিপাড়া, হাওলা ও ধঞ্জুপাড়া গ্রামের ৬০০ মানুষ এতে অংশ নেন। বাঁধভাঙা ও বানভাসি মানুষের দুর্দশা তুলে ধরে স্থানীয় কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করতে এ আয়োজন করা হয়।
সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিনের জোয়ার-ভাটায় ঘরের মধ্যে কাদাপানি জমে থাকায় বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছেন। ঘরে বসে ইফতার করার পরিস্থিতিও নেই। দুগর্ত এলাকার লোকজন ইফতার নিয়ে বাঁধের ওপর সারি বেঁধে বসে পড়েন। অনেকের ঘরে ইফতার না থাকায় তাঁরা খালি থালা-বাসন নিয়ে অন্যদের সঙ্গে যোগ দেন।
চাড়িপাড়া গ্রামের বিউটি বেগম বলেন, ‘গত কয়েক বছর ধইর্যা বাঁধ ভাঙছে। মোরা দিন দিন নিশ্চিহ্ন অইয়া যাইতেছি। সরকার আমাগো দিকে না চাইলে মোরা বাঁচমু ক্যামনে।’ বানাতিপাড়া গ্রামের আবদুর রহমান হাওলাদার বলেন, ‘ঈদের আগে মনি অমাবস্যা। হেই সময় আরও বেশি পানি অইবে, তহন আমাগো অবস্থা যে কী অইবে, হেইয়া কইতে পারি না। এইফির গুরাগারা লইয়া যে ঈদ করমু, হেইয়া আর অইবে না।’
আয়োজকেরা জানান, ইফতারে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা কেউই যোগ দেননি। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক, কলাপাড়া পানি উন্নয়ন র্বোডের নির্বাহী প্রকৌশলী, পুলিশ সুপার, কলাপাড়া-গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও রেড ক্রিসেন্টের কর্মকর্তারা।
গণগবেষণা দলের নেত্রী হাওয়া আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতিবছর পানি উন্নয়ন বোর্ড এই বাঁধ নির্মাণ করে। ছয় মাস যেতে না যেতেই তা আবার ভেঙে পড়ে। পরিকল্পিতভাবে বাঁধ না করার কারণে এমন অবস্থা হয়েছে।’ আয়োজনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে সংহতি প্রকাশ করে লালুয়া ইউনিয়ন পরিষদ, কলাপাড়া প্রেসক্লাব ও কমিউনিটি প্র্যাকটিশনারস প্ল্যাটফর্ম (সিপিপি)। মোনাজাত শেষে লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর তারিকুজ্জামান দুগর্তদের মধ্যে ইফতার বিতরণ করেন।