লাল-সবুজে করবে জয় বাংলাদেশ বিশ্বময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে দলটিকে শুভকামনা জানিয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে পতাকা শোভাযাত্রা বের করে বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিটি l ছবি: প্রথম আলো
আজ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে দলটিকে শুভকামনা জানিয়ে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে পতাকা শোভাযাত্রা বের করে বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইউনিটি l ছবি: প্রথম আলো

‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’... ঢোলের তালে তালে স্লোগান। লাল-সবুজ পতাকা হাতে শত শত তরুণ-তরুণী। মেতেছেন রং খেলায়। যেন স্টেডিয়ামের এক টুকরো গ্যালারি। যেন বাংলাদেশের খেলা চলছে, তাঁদের উৎসাহ দিতে এই তারুণ্যের ঢল।
গতকাল বুধবার বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এমন ঢল নামে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলকে জয়ের প্রেরণা দিতে ক্রিকেটভক্তদের এই আগমন। তাঁরা বিশাল জাতীয় পতাকা হাতে শোভাযাত্রা বের করেন। টাইগারদের আগাম শুভকামনা জানিয়ে ঘোষণা করেন, ‘লাল-সবুজে করবে জয়, বাংলাদেশ বিশ্বময়’।
বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি নামে ফেসবুকভিত্তিক একটি সংগঠন এ শোভাযাত্রার আয়োজন করে। টিএসসির রাজু ভাস্কর্যের সামনে প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করেন তাঁরা। সেখান থেকে শোভাযাত্রাটি দোয়েল চত্বর দিয়ে প্রেসক্লাব, পল্টন ও শাহবাগ হয়ে আবার টিএসসিতে এসে শেষ হয়। এ সময় তাঁরা স্লোগান তোলেন, ‘তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘চার হবে আর ছয় হবে, জয় বাংলার গান হবে’, ‘শেষ বলে ছক্কা, ভারত পাবে অক্কা’...।
শোভাযাত্রায় মাশরাফি বাহিনীর ভক্তরা ‘এগিয়ে যাও বাংলাদেশ’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। এতে অংশ নেওয়া নাঈম ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কালকের (আজ) ম্যাচে বাংলাদেশ জিতবে, মাশরাফিরা জিতলেই আমরা জিতব। শুধু জিতলে যে আমরা তাদের সঙ্গে থাকব তা নয়, হারলেও আছি তোমাদের পাশে।’