লাশ আঞ্জুমানে দেওয়ার সময় ছেলের খোঁজে এলেন থানায়
গত রোববার শরিফুল ইসলামের (২৮) লাশ উদ্ধার করে রাজশাহীর বাঘা থানার পুলিশ। সোমবার রাতে পুলিশ লাশ আঞ্জুমানে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন তাঁর বাবা আসেন থানায়।
শরিফুলের বাড়ি বাঘার হাবাসপুর গ্রামে। তাঁর বাবার নাম হারুন অর রশিদ। শরিফুল ইসলাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ষষ্ঠ সেমিস্টার শেষ করেছিলেন।
শরিফুলের ভাই তপু রায়হান বলেন, তিন বছর আগে উপজেলার বাউসা গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ের সঙ্গে শরিফুলের বিয়ে হয়। বর্তমানে তাঁর স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা। গত শনিবার সন্ধ্যায় শরিফুল মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। শরিফুল শ্বশুরবাড়িতে রয়েছেন জেনে তাঁর পরিবারের সবাই নিশ্চিন্তে ছিলেন।
সোমবার সন্ধ্যায় শরিফুলের স্ত্রী ফোন দিয়ে জানান, শরিফুল সেখানে যাননি।
এদিকে শরিফুলের বাবা হারুন অর রশিদ আগেই জানতে পারেন, বাঘা থানার পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। শরিফুলের স্ত্রীর ফোন পেয়ে হারুন অর রশিদ ও তপু থানায় যান এবং লাশ শনাক্ত করেন।
বাঘা থানা সূত্রে জানা গেছে, উপজেলার হরিনা গ্রামের রাস্তার দক্ষিণ পাশের একটি আমবাগানের মধ্যে হাত-পা ও চোখ-মুখ বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় শরিফুলের লাশটি গত রোববার সকালে উদ্ধার করে পুলিশ। রাস্তার এক পাশের একটি আমগাছ এবং অপর পাশের একটি খেজুরগাছের সঙ্গে দড়ি বাঁধা হয়েছিল। শরিফুলকে থামানোর জন্য ওই দড়ি বাঁধা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে পাকা রাস্তার ওপরে যে ধরনের দাগ হয়, তাও ছিল।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, উদ্ধার করার পর অভিভাবকের অপেক্ষায় প্রথম দিন তাঁরা লাশটি থানায় রেখেছিলেন। পরের দিন সোমবার ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষ হওয়ার পর কোনো অভিভাবককে না পেয়ে লাশটি আঞ্জুমানে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এমন সময়
হারুন অর রশিদ ও তপু থানায় আসেন।