লাশ আটকে রেখে বাদীর কাছ থেকে সই আদায়
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের চার ব্যক্তি বাদীর পরিবারের এক সদস্যের লাশ আটকে রেখে মামলা প্রত্যাহারের কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চাকরির প্রলোভন দেখিয়ে ওই পরিবারের এক নারী সদস্যকে যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার অভিযোগে ওই চারজনের বিরুদ্ধে মামলাটি করা হয়।মামলার বিবরণ, গ্রামবাসী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার মোড়ল নারায়ণ মণ্ডল, সুধীর মণ্ডল, তাঁদের সহযোগী লক্ষ্মী মণ্ডল, অমৃত বালা ওই পরিবারের এক নারী সদস্যকে লোভনীয় বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গত বছরের ১৫ নভেম্বর যৌনপল্লিতে বিক্রি করে দেন। দুই মাস পর গত ১৬ জানুয়ারি পল্লির সর্দারনির সহায়তায় তিনি পালিয়ে এসে বিষয়টি তাঁর স্বামীকে জানান। ১৭ জানুয়ারি ওই নারী উল্লিখিত চারজনের নামে মামলা করেন। এর পর থেকে আসামিরা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।বাদী অভিযোগ করেন, ১৮ মার্চ আসামিরা তাঁকে মামলা প্রত্যাহারের কাগজে স্বাক্ষর করতে বলেন, না দিলে তাঁকে মারধর করা হয়। বাদীর স্বামী অভিযোগ করেন, ৪ এপ্রিল তাঁর ভাতিজি (২০) মৃত্যুবরণ করেন। ওই দিন বিকেলে লাশ সৎকারের জন্য পারিবারিক শ্মশানে প্রস্তুতি চলছিল। এ সময় আসামি নারায়ণ মণ্ডল, সুধীর মণ্ডলের নেতৃত্বে ৮-১০ জন লাশ সৎকারে বাধা দেন। এ রাতে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলীর উদ্যোগে স্থানীয় মন্দিরের আঙিনায় সালিস বৈঠকের আয়োজন করা হয়।নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, মামলা প্রত্যাহারের জন্য বাদী ও তাঁর স্বামীর ওপর চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়ে তাঁদের মারধরও করা হয়। অবশেষে মামলা প্রত্যাহারের কাগজে স্বাক্ষর নিয়ে রাত সাড়ে চারটায় লাশ সৎকার করা হয়।তবে মামলার আসামি নারায়ণ মণ্ডল, সুধীর মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছিল। প্রশাসন ও মানুষের সহানুভূতি পাওয়ার জন্য তাঁরা নির্যাতনের নাটক সাজিয়েছেন। অনেক আগেই স্বেচ্ছায় তাঁরা মামলা প্রত্যাহারে কাগজে স্বাক্ষর দিয়েছেন বলে দাবি করেন।এ প্রসঙ্গে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বাদীর পক্ষে লিখিত দিলেই মামলা প্রত্যাহার করা হবে না। বাদীকে সশরীরে হাজির হয়ে মামলা প্রত্যাহারের আবেদন করতে হবে। মামলাটি তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় শিগগিরই অভিযোগপত্র দাখিল করা হবে।