মালদ্বীপে মৃত্যুবরণকারী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর গ্রামের জুয়েল আহমদের (২৯) লাশ দেশে আনতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছে তাঁর পরিবার। ৫ মার্চ মালদ্বীপের হাড্ডু সিটিতে ঘরের বৈদ্যুতিক পাখায় ঝুলন্ত অবস্থায় জুয়েলের মৃতদেহ পাওয়া যায়। পরিবারকে না জানিয়ে সেখানে (মালদ্বীপে) তাঁর লাশ দাফন করা হয়।
জুয়েলের মা বেলা বেগম গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি আবেদন করেছেন। আবেদনে বলা হয়েছে, জুয়েল ২০১৩ সালে মালদ্বীপে যান। তাঁর পাসপোর্ট নম্বর এএ ০৬০৫০০৩। মালদ্বীপের ব্যবসায়ী মোহাম্মদ রাশিদের প্রতিষ্ঠানে (ভুকসিজনে) দেড় বছর চাকরি করার পর প্রতিষ্ঠানের মালিক তাঁকে নতুন দুটি ভিসা দেওয়ার আশ্বাস দেন। সে আশায় জুয়েল দেশ থেকে দুজন শ্রমিকের কাছ থেকে অগ্রিম এক লাখ টাকা করে নিয়ে রাশিদের কাছে জমা দেন। কিন্তু ৫ মার্চ ঘরের বৈদ্যুতিক পাখায় জুয়েলের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মালদ্বীপে কর্মরত কয়েকজন বাংলাদেশির মাধ্যমে তিনি (বেলা বেগম) জুয়েলের মৃত্যুর খবর জানতে পারেন। বাংলাদেশি দূতাবাসও তাঁদের অনুমতি না নিয়ে মালদ্বীপে জুয়েলকে দাফনের অনুমতি দেয়। এ কারণে ছেলের মরদেহ দেশে ফেরত চেয়ে ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন করে ক্ষতিপূরণের দাবি করেন তিনি। ইতিমধ্যে তিনি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, উপজেলা, জেলা প্রশাসন ও মালদ্বীপে বাংলাদেশি দূতাবাসে দফায় দফায় আবেদন আকারে যোগাযোগ করেছেন।
বেলা বেগম গতকাল শুক্রবার ক্ষোভ প্রকাশ করে বলেন, মোহাম্মদ রাশিদই পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যার পর লাশ বৈদ্যুতিক পাখায় ঝুলিয়ে রেখেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে জুয়েলের মৃত্যুতে তাঁর পুরো পরিবার এখন খুব বিপদে রয়েছে।