লাশ উদ্ধার, স্ত্রীসহ গ্রেপ্তার ৭
কিশোরগঞ্জের ভৈরবের মামুন মিয়া (২৫) নামের এক তরুণকে গলা কেটে হত্যা করার ঘটনায় তাঁর স্ত্রীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে ভৈরব পৌর শহরের কমলপুর ও কালিপুর মহল্লায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মামুনের স্ত্রী সাথী বেগম, সাথীর মা সেলিনা বেগম, খালা পারভিন বেগম, হেনা বেগম, মামা জাহাঙ্গীর মিয়া, খালু জজ মিয়া ও মামাতো ভাই জাকির হোসেন। তাঁদের মধ্যে সাথী, পারভিন, জজ মিয়া ও জাকির হোসেনকে সাথীর বাবার বাড়ি কালিপুর থেকে এবং সেলিনা, হেনা ও জাহাঙ্গীরকে সাথীর মামাবাড়ি কমলপুর থেকে গ্রেপ্তার করা হয়। ভৈরব ও ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পুলিশ জানায়, ২৩ এপ্রিল রাতে ফুলবাড়িয়ার কালিবাজার সড়ক থেকে এক তরুণের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়ায় পরদিন বেওয়ারিশ হিসেবে ফুলবাড়িয়া পৌর কবরস্থানে পুলিশ লাশটি দাফন করে। এ ব্যাপারে ফুলবাড়িয়া থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলাও দায়ের করা হয়। মামুনের সন্ধান পাওয়া না যাওয়ায় ২৫ এপ্রিল পরিবারের সদস্যরা ভৈরব থানায় জিডি করেন। পরে ফুলবাড়িয়া থানায় উদ্ধার হওয়া তরুণের লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা মামুনের পরিচয় শনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানান, ছয় মাস আগে সাথী তাঁর স্বামীর বিরুদ্ধে ভৈরব থানায় নির্যাতন মামলা করেন। ২৩ এপ্রিল মামুন জানিয়েছিলেন, সাথী তাঁকে মামলা নিষ্পত্তির প্রস্তাব দিয়েছেন। এ জন্য তাঁকে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামে সাথীর খালু জয়নাল মিয়ার বাড়ি যেতে হবে। সঙ্গে সাথী ও তাঁর মামা জাহাঙ্গীর থাকবেন। ওই দিন সকালে বাড়ি থেকে বের হওয়ার পর মামুন আর ফেরেননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। মামুনের ভাই মো. শাহীন বলেন, ‘আমার ভাইয়ের সন্ধান জানতে সাথীর সঙ্গে যোগাযোগ করলে তিনি অসংলগ্ন কথা বলেন। তখনই আমাদের সন্দেহ হয় এবং পুরো বিষয়টি পুলিশকে জানাই।’ থানা হেফাজতে সাথী বলেন, ‘মামুন কীভাবে খুন হলো, আমার জানা নেই।’