লাশ উদ্ধার
ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের মাঠে গতকাল বুধবার ভোরে মফিজুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি চরমপন্থী দলের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্র জানায়, মফিজুর সদর উপজেলার হরিপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করতে পারে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, মাধবপুর গ্রামের মাঠে একটি পাটখেতের পাশে লাশ পড়ে থাকতে দেখে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য মফিজুরের বলে এলাকাবাসী শনাক্ত করেন। ওসি আরও জানান, মফিজুরের বিরুদ্ধে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।