চট্টগ্রামে কর্ণফুলী নদীতে নিখোঁজ আলেক মিয়া (২৫) নামের সমুদ্রগামী মাছ ধরার ট্রলারের দ্বিতীয় প্রকৌশলীর লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার লাশটি উদ্ধার করে কোস্টগার্ড। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, গত রোববার বিকেলে এফবি ইডেন-২ মাছ ধরার ট্রলারের দ্বিতীয় প্রকৌশলী আলেক মিয়া নৌকায় নদী পার হচ্ছিলেন। এ সময় নৌকায় থাকা দুই মাঝির সঙ্গে নদীর মাঝপথে তাঁর তর্কাতর্কি হয়। নদী পারাপারের জন্য ওই নৌকার সঙ্গে তাঁদের ট্রলারের মাসিক চুক্তি ছিল। এরপর মাঝিরা টাকা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এর জের ধরে মাথায় আঘাত করে নৌকা থেকে তাঁকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় আলেক মিয়ার বাবা আবদুল হাশেম বাদী হয়ে নৌকার দুই মাঝি আবদুল মান্নান ও জসামীকে আসামি করে সদরঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।