লাশ ওঠাতে আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি নারী হিরোয়ি মিয়াতার লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক উজির আলী প্রথম আলোকে জানান, তদন্তের স্বার্থে ওই নারীর লাশ উত্তোলনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। আদালত একজন জেলা নির্বাহী হাকিমের উপস্থিতিতে লাশ উত্তোলনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
উত্তরা পূর্ব থানার ওসি আবু বকর মিয়া প্রথম আলোকে বলেন, আদেশের কপি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে একজন নির্বাহী হাকিম নিয়োগ করা হবে। এসব প্রক্রিয়ার পর উত্তরা ১২ নম্বর সেক্টর সিটি করপোরেশন কবরস্থান থেকে হিরোয়ির লাশ তোলা হবে।
প্রায় ২৪ দিন ধরে মিয়াতা নিখোঁজ উল্লেখ করে ১৯ নভেম্বর জাপান দূতাবাসের একজন কর্মকর্তা উত্তরা পূর্ব থানায় একটি জিডি করেন। পরে জানা যায়, ২৯ অক্টোবর মিয়াতা মারা গেছেন। ওই দিন উত্তরা বনানীর ১২ নম্বরে কবরস্থানে হিরোয়ে মিয়াতার মরদেহ হালিমা খাতুন পরিচয়ে দাফন করেন মারুফুল ইসলাম নামে এক লোক। এ সময় কবরস্থান কর্তৃপক্ষের কাছে মারুফুল নিজেকে হালিমার নাতি হিসেবে পরিচয় দেন। এ ছাড়া লাশ দাফনের রেজিস্ট্রার বইয়ে হালিমা খাতুনের বয়স ৭৪ বছর, বাবার নাম মৃত শাহজাহান আলী মৃধা, মায়ের নাম মৃত হাজেরা বেগম ও স্বামীর নাম বাবুল মৃধা লেখা রয়েছে। ঠিকানা রয়েছে সেক্টর ১২, উত্তরা।
ওই ঘটনার পর পাঁচজনকে আসামি করে ২২ নভেম্বর মামলা করে পুলিশ। তাঁদের মধ্যে মো. মারুফুল ইসলাম, রাশেদুল হক, ফখরুল ইসলাম, বিমল চন্দ্র শীল ও মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার তাঁদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পলাতক রয়েছেন জাকির পাটোয়ারী নামের এক আসামি। মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে এখন পর্যন্ত অসুস্থতার কারণে মিয়াতার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।
পুলিশ ঘটনাটিকে আপাতত হত্যার ঘটনা হিসেবে তদন্ত চালিয়ে যাচ্ছে। ওসি আবু বকর মিয়া বলেন, পরিচয় গোপন করে ওই জাপানির লাশ দাফন করার সন্দেহ রয়ে গেছে। সেভাবেই ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
হিরোয়ি মিয়াতার লাশ উত্তোলনের সময় নির্ধারণ না হলেও উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে হিরোয়ির কবরের সামনে পুলিশ প্রহরা দেওয়া হয়েছে। কবরস্থানের তত্ত্বাবধায়ক আবদুল কুদ্দুস গতকাল প্রথম আলোকে বলেন, গত বুধবার থেকে পুলিশের দুজন সদস্য ওই জাপানির কবরের সামনে পাহারা দিচ্ছেন। তাঁর কবর থেকে লাশ উত্তোলনের বিষয়ে তাঁদের কিছু জানায়নি পুলিশ।
হিরোয়ি প্রায় ১০ বছর ধরে ঢাকায় ছিলেন। তিনি দীর্ঘদিন উত্তরা ৬ নম্বর সেক্টরে সিটি হোমস নামে একটি আবাসিক হোটেলে থাকতেন। ঢাকার কয়েক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি। এ ছাড়া জাপান সরকারের পেনশনও পেতেন।