লাশ খুঁজে না পাওয়ায় কুলখানির আয়োজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ খুঁজে না পাওয়ায় মৃত্যুর কথা এখনো নিশ্চিত হতে পারেনি জেলে সিরাজের পরিবার। এরই মধ্যে কেটে গেছে আটটি দিন। বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন সবাই। তাই ট্রলারের (নৌকার) মালিক, আর এলাকার অন্য জেলেদের চাঁদার টাকায় আয়োজন করা হয়েছে কুলখানির! প্রায় ৩০০ গরিব-মেসকিনকে খাওয়ানো হয়েছে ওই কুলখানিতে।শেষবারের মতো লাশটি দেখতে না পারায় কুলখানি চলাকালে নীরবে কেঁদেছে স্ত্রী, সন্তান ও স্বজনেরা। ঘটনাটি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের পশ্চিম চর উড়িয়ার। গতকাল বৃহস্পতিবার ওই এলাকায় নিখোঁজ জেলেদের পরিবারের খোঁজ নিতে দিয়ে ওই মর্মস্পর্শী বর্ণনা পাওয়া যায়।শুধু জেলে সিরাজই (৪০) নন; সুবর্ণচরে এ রকম আরও ১৬ থেকে ১৭ জন জেলে নিখোঁজ রয়েছেন, যাঁদের পরিবার তাঁদের জীবিত ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার অভাবে নিখোঁজ এসব জেলের সঠিক তথ্য প্রশাসনের কাছে এখনো পৌঁছেনি বলে জানা গেছে।জেলে সিরাজের স্ত্রী বিবি খাদিজা প্রথম আলোকে জানান, বড় মেয়েটির বিয়ের কথাবার্তা চলছে। বাকি তিনটি সন্তান এখনো ছোট। স্বামী তাঁকে বলে গিয়েছিলেন, এক সপ্তাহ পর নদী থেকে ফিরে এসে মেয়ের বিয়ের কথা পাকাপাকি করবেন। কিন্তু নদীতে যাওয়ার পরদিনই ঝড়ে তিনি নিখোঁজ হন। তাঁর সঙ্গের ১১ জন জেলে ও মাঝি ফিরে এলেও তাঁর স্বামীর সন্ধান পাওয়া যায়নি।তাই আট দিন অপেক্ষার পর নৌকার মালিক ও অন্য জেলেদের পরামর্শে এবং সাহায্যে কুলখানি করে স্বামীর জন্য দোয়া পড়িয়েছেন। খাদিজা বলেন, ‘সংসারে উপার্জনের এখন আর কেউ নেই। কীভাবে মেয়ের বিয়ে হবে। কী করে সন্তানদের মুখে খাবার তুলে দেব।’ স্বামী নিখোঁজ হয়েছে এত দিন, এখনো সরকারি কোনো সাহায্যও তাঁর কপালে জোটেনি বলে অভিযোগ করেন তিনি।বড় মেয়ে বিবি অনায়জু বলেন, ‘বাবা নদীতে যাওনের সময় আরে কইছে, ছোড ভাইবোনগো দিগে খেয়াল রাইখতাম। যেন হানিত ন হড়ে। কিন্তু হেতেন নিজেই হানিত যাই আর হিরি আইয়ে ন। অন আঙোরে কে দেইখব। কে আঙোরে খাওন দিব।’ জানা যায়, সিরাজ ঘূর্ণিঝড়ের আগের দিন নদীতে গিয়েছিলেন মাছ ধরতে মতিন মাঝির নৌকা নিয়ে। সঙ্গে ছিলেন আরও ১১ জন। সন্দ্বীপের কাছে নদীতে তাঁরা ঝড়ের কবলে পড়েন।সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান প্রথম আলোকে জানান, তাঁরা এ পর্যন্ত চরক্লার্ক, পূর্ব চরবাটা ও মোহামঞ্চদপুর ইউনিয়নের সাতজন জেলে নিখোঁজ রয়েছেন বলে তথ্য পেয়েছেন। যাঁদের তালিকা করে এরই মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।