লাশ গুমের কথা বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী
সাভারের ঘটনায় লাশ গুমের অভিযোগ তুলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে বিরোধী দলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা লাশ গুম করিনি। আমাদের কাছে মানুষের জীবনের মূল্য অনেক। আমরা যখন উদ্ধারকাজে ব্যস্ত, বিএনপি তখন তাদের লোকজন দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে ব্যস্ত ছিল।’ গতকাল বৃহস্পতিবার গণভবনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ অভিযোগ করেন।এর আগের দিন পয়লা মে নারায়ণগঞ্জের শ্রমিক সমাবেশে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেন, সাভারে ভবনধসের ঘটনায় সরকার রাতে লাশ গোপন করে মৃতের সংখ্যা কম দেখানোর চেষ্টা করছে। এর জবাবে খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘লাশ গুমের অভিযোগ করেছেন; আমাদের কাছে তালিকা দিন। গার্মেন্টসে কত লোক কাজ করত, তার একটি তালিকা আমাদের কাছে আছে। খামাখা লাশ গুমের অভিযোগ করে জাতিকে বিভ্রান্ত করবেন না। কাজেই লাশ গুমের ও পোড়ানোর ইতিহাস আমাদের নেই। ওনার (খালেদা জিয়ার) আছে। আপনার ছেলের লঞ্চডুবির সময় কত লাশ গোপন করেছিলেন। আমরা লাশ গুম করব কেন? আমাদের কী মানবতাবোধ নেই?’ সাভারে ভবনধসের ঘটনায় উদ্ধারকাজে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এত তাড়াতাড়ি উদ্ধারকাজ এবং এত মানুষ জীবিত উদ্ধার করা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা।সরকার তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা শুরু করেনি বলে খালেদা জিয়ার অভিযোগের জবাবে শেখ হাসিনা বলেন, ‘ঘটনা ঘটার ২০ মিনিটের মধ্যেই উদ্ধারকাজ শুরু হয়। উনি কী করে জানলেন উদ্ধারকাজ দেরি হয়েছে?