লাশ গুমের মামলার চার মাস পর জীবিত উদ্ধার!
মেয়েকে হত্যার পর লাশ গুম করার অভিযোগে মেয়েজামাইসহ আটজনের বিরুদ্ধে চার মাস আগে মামলা করেছিলেন এক ব্যক্তি। ওই মামলার তদন্ত কর্মকর্তা প্রাথমিক তদন্ত করে এ অভিযোগ মিথ্যা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে মামলাটি ডিবি পুলিশ তদন্ত শুরু করে। গত বৃহস্পতিবার রাতে তদন্ত কর্মকর্তা ময়মনসিংহ ডিবির এসআই মোহাম্মদ আলী ঢাকার একটি বাসা থেকে ওই মেয়েকে উদ্ধার করেছে। ঘটনাটি ময়মনসিংহের ফুলপুরের।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের নৈমত আলীর ছেলে মুক্তার উদ্দিনের স্ত্রী রওশন আরা বাড়ি থেকে পালিয়ে যান। এতে ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা গ্রামের নবী হোসেন তাঁর মেয়ে রওশন আরাকে খুনের পর লাশ গুমের অভিযোগে গত ৮ মার্চ ফুলপুর থানায় মামলা করেন। মামলায় রওশন আরার স্বামী, শ্বশুরসহ আটজনকে আসামি করা হয়।মামলার তদন্ত কর্মকর্তা আবদুল মতিন জানতে পারেন, রওশনা আরাকে খুন করে লাশ গুমের অভিযোগটি মিথ্যা। তিনি গত ৩ মে জেলা পুলিশ সুপারকে এ কথা জানান। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ময়মনসিংহ ডিবির এসআই মোহাম্মদ আলী জানতে পারেন, হত্যা করে লাশ গুমের অভিযোগ মিথ্যা। রওশন আরা ঢাকার মহাখালীর একটি বাসায় মাসিক বেতনে কাজ করেন। বৃহস্পতিবার রাতে পুলিশ রওশন আরাকে ওই বাসা থেকে উদ্ধার করেন।গতকাল শুক্রবার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে আদালতে সোপর্দ করে। রওশন আরার বাবা নবী হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ভাই নজরুল ইসলাম বলেন, ‘আমার বোনকে না পেয়ে আমরা প্রথমে জিডি করি, পরে মামলা করি। আমরা জানতাম, তাকে মেরে ফেলা হয়েছে।’মামলার আসামি রওশন আরার দেবর বক্তার উদ্দিন (৩২) বলেন, ‘আমরা আটজন গত মে মাসে হাইকোর্ট থেকে জামিন পেয়েছি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা হয়েছিল।’ এ ব্যাপারে ময়মনসিংহ ডিবি শাখার এসআই মোহাম্মদ আলী বলেন, লুকিয়ে রাখা রওশন আরাকে উদ্ধার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।