লাশ চুরির ভয়ে ঘরে কবর, রাত জেগে পাহারা
একে তো মৃত্যুশোক, তার ওপর লাশ চুরি যাওয়ার ভয়। বজ্রপাতে নিহত ব্যক্তিদের ব্যাপারে এক অদ্ভুত লোকবিশ্বাসের কারণে স্বজনদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত বৃহস্পতিবার বজ্রপাতে তিনজন নিহত হয়েছিলেন। লাশ চুরি যাওয়ার ভয়ে এঁদের একজনকে কবর দেওয়া হয়েছে ঘরের ভেতর। আর অন্য দুজনের কবর রাত জেগে পাহারা দিচ্ছেন স্বজন ও প্রতিবেশীরা।
উপজেলার ইছাপুর গ্রামের কৃষক সামছুল ইসলাম (৪৫) মাঠে ধান কাটার সময় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বজ্রপাতে নিহত হন। চুরি যাওয়ার ভয়ে তাঁর লাশ বাড়িতে একটি ঘরের ভেতরে দাফন করেছেন স্বজনেরা।
নিহত সামছুলের বড় ভাই হক মিয়া বলেন, বজ্রপাতে মৃত্যু হলে লাশ কবর থেকে চুরি হয়ে যায়। সেই আশঙ্কা থেকে ভাইয়ের লাশ ঘরের ভেতরে দাফন করা হয়েছে।
এদিকে প্রায় একই সময় কানাইনগর গ্রামে বজ্রপাতে নিহত হন কবির হোসেন (২৮)। তখন তিনি গরুর জন্য মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁর লাশ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। চুরি যাওয়ার ভয়ে পালা করে রাত জেগে কবর পাহারা দিচ্ছেন স্বজন ও প্রতিবেশীরা।
নিহত কবিরের বড় ভাই মান্নান মিয়া বলেন, ‘শুনেছি বজ্রপাতে কেউ মরলে লাশ কবর থেকে চুরি হইয়া যায়। আমার ভাইয়ের লাশ কবর দিয়াছি। লাশ যাতে চুরি না হইতে পারে হের লাইগা রাইতে পাহারা দিতাছে। ১০ থেকে ১২ দিন লাশ পাহারা দেওন লাইগবে।’
উপজেলার চরশিবপুর গ্রামে প্রায় একই সময় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন সফিকুল ইসলাম (৪০)। তাঁকে দাফন করা হয় বাড়ির পাশের জমিতে। সেখানেও পাহারার ব্যবস্থা করেছেন স্বজনেরা। সফিকুলের পিতা মজিবুর রহমান বলেন, ‘আমার পোলার লাশ বাড়ির লগেই কবর দিছি, রাইতে পাহারা দিতাছি, লাশ যেন চুরি না হইয়া যায়।’