ভোলার চরফ্যাশন উপজেলায় গত রোববার কবর থেকে লাশ তুলতে গিয়ে মৃতের পরিবার ও গ্রামবাসীর বাধার মুখে ফিরে এসেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন। মৃতের বাবা বলছেন, মানসিক প্রতিবন্ধী জুয়েলের স্বাভাবিক মৃত্যু হয়েছে। অথচ দুজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁদের প্রতিপক্ষের লোকজনদের ফাঁসাতে পুলিশের যোগসাজশে তাঁর (মৃতের বাবা) অজান্তে তাঁকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছেন। জুয়েলের বাবা সগির হোসেন পাটোয়ারী, মা নাসিমা বেগমসহ গ্রামবাসী জানান, উপজেলার আবু বকরপুর ইউনিয়নের আবু বকরপুর গ্রামের সগির হোসেন পাটোয়ারীর ছেলে জুয়েল (১৩) জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। তার খিঁচুনির সমস্যাও ছিল। গত ৮ নভেম্বর রাতে জুয়েলকে পাশের আমিনাবাদ ইউনিয়নের বাংলাবাজার এলাকায় পুকুরে দীর্ঘ সময় গোসল করতে দেখে এলাকাবাসী তাকে পুকুর থেকে তুলে তার বাড়িতে পৌঁছে দেন। রাতে খাওয়াদাওয়া শেষে জুয়েল ঘুমিয়ে পড়ে। ৯ নভেম্বর ভোরে হঠাৎ জুয়েলের খিঁচুনি ওঠে। একপর্যায়ে সে মারা যায়। ওইদিনই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জুয়েলের বাবা অভিযোগ করেন, ৯ নভেম্বর রাতে আবু বকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও আমিনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদুর রহমান তাঁকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে চরফ্যাশন থানায় নিয়ে যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন ও চেয়ারম্যানেরা সাদা কাগজে তাঁর সই নেন। এলাকাবাসী জানান, গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে চরফ্যাশনের সহকারী কমিশনার (ভূমি) নুরুল হাফিজ, চরফ্যাশন থানার ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ময়নাতদন্তের জন্য জুয়েলের লাশ কবর থেকে তুলতে যান।কিন্তু জুয়েলের পরিবারসহ এলাকার কয়েক শ নারী-পুরুষ এতে বাধা দেন। এ সময় তাঁরা ওই দুই চেয়ারম্যানের বিচার চেয়ে বিক্ষোভ করেন। জুয়েলের বাবার অভিযোগ, ওসি ও চেয়ারম্যানেরা তাঁকে ভয় দেখিয়ে সাদা কাগজে সই নিয়ে তাঁদের ইচ্ছামতো মামলা সাজিয়েছেন। এই সাজানো মামলায় ওই দুই চেয়ারম্যানদের প্রতিপক্ষের মো. রিয়াজ, শরিফুল ইসলাম, মো. মাকসুদ, আবুল বাশার ফরাজি, রুহুল আমিন, মো. হাসানকে আসামি করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও সায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, জুয়েলের বাবার অভিযোগ ঠিক নয়। আমরা এ ঘটনায় জড়িত নই। যেহেতু মামলা হয়েছে লাশ তোলা হবেই। চরফ্যাশন থানার ওসি রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, জুয়েলের বাবা স্বজ্ঞানেই মামলা করেছেন। তাঁকে কেউ জোর করে মামলা করাননি। তাঁরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে কবর থেকে লাশ তুলতে গিয়েছেন। কিন্তু এলাকাবাসী লাশ তুলতে দেননি।সহকারী কমিশনার (ভূমি) নুরুল হাফিজ প্রথম আলোকে বলেন, ওসি এবং বাদীর বক্তব্যের মধ্যে বৈপরীত্য আছে। জুয়েলের বাবা ও গ্রামবাসী বলছেন, জুয়েলের স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমি বাদীকে এটা আদালতে গিয়ে বলতে বলেছি।