লাশ তোলা নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬২
ভোলার চরফ্যাশন উপজেলার এক গ্রামে কবর থেকে লাশ উত্তোলনকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশের দুই উপপরিদর্শকসহ (এসআই) ৬২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী অভিযোগ করেন, ৯ নভেম্বর উপজেলার আবু বকরপুর গ্রামের সগির হোসেন পাটোয়ারীর ছেলে মানসিক প্রতিবন্ধী জুয়েল (১৩) পানিতে পড়ে মারা যায়। আবু বকরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও আমিনাবাদ ইউপির চেয়ারম্যান সায়েদুর রহমান তাঁদের প্রতিপক্ষকে ফাঁসাতে একটি হত্যা মামলা দায়ের করেন। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেনের যোগসাজশে তাঁরা হত্যা মামলার বাদী করেন মৃত জুয়েলের বাবা সগির হোসেনকে। সগির হোসেনের অভিযোগ, তিনি মামলার কিছুই জানেন না। ওসি ও চেয়ারম্যান ভুল বুঝিয়ে তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছেন।জানা গেছে, ওই মামলার পরিপ্রেক্ষিতে ২০ নভেম্বর পুলিশ কবর থেকে জুয়েলের লাশ তুলতে গেলে গ্রামবাসী ও মৃত ব্যক্তির পরিবার বাধা দেয়। তখন লাশ না তুলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফিরে যান। তাঁরা গতকাল ভোর পাঁচটার দিকে ফের লাশ উত্তোলনে গেলে গ্রামবাসী বাধা দেন। এ সময় পুলিশ গ্রামবাসীকে লাঠিপেটা করে। স্থানীয় লোকজন ও পুলিশের মধ্যে তিন ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।আবু বকরপুর ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও আমিনাবাদ ইউপির চেয়ারম্যান সায়েদুর রহমান দাবি করেন, সগির হোসেন তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।চরফ্যাশন থানার ওসি রিয়াজ হোসেন বলেন, ‘সগির হোসেন স্বজ্ঞানেই মামলা করেছেন। আদালত ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঘটনাস্থলে লাশ তুলতে গিয়েছিলাম। গ্রামবাসী তাতে বাধা দেয়।’ তিনি আরও বলেন, গ্রামবাসীকে পুলিশ লাঠিপেটা করেনি। উল্টো গ্রামবাসী পুলিশের ওপর হামলা করে দুই এসআইসহ ১২ জনকে জখম করেছে। চরফ্যাশন থানার এসআই হারুন অর রশিদ বাদী হয়ে গতকাল বিকেলে ৩০০ গ্রামবাসীকে আসামি করে একটি মামলা করেছেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশনের সহকারী ভূমি কমিশনার নুরুল হাফিজ বলেন, ‘লাশ উত্তোলন একটি আইনি প্রক্রিয়া। আমরা লাশ না তুলেই ফিরে যাচ্ছি।’