লাশ দাফন, কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে র‌্যাবের গুলিতে নেতা-কর্মীদের হতাহতের ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করেছে জেলা বিএনপি। বাদ জুমা শহরের সোনা মিয়া ঈদগাহ মাঠে ১৮-দলীয় জোটের তিন নেতা-কর্মীর জানাজা হয়। যুবদল নেতা ইকবাল মাহমুদ জুয়েলেরও গায়েবানা জানাজা হয়। পরে তিনজনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সংবাদ সমেঞ্চলনে বিএনপির নেতারা র‌্যাবের সঙ্গে অজ্ঞাত মুখোশ পরা বন্দুকধারীরা ছিল বলে দাবি করেন। ঘটনার প্রতিবাদে জেলা, উপজেলা ও পৌর শহর পর্যায়ে দলীয় নেতা-কর্মীদের কালোব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, আজ শনিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল এবং কাল রোববার বেলা তিনটায় শোক র‌্যালি কর্মসূচির ঘোষণা করা হয়।
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভুঁইয়া। এ সময় সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ, জামায়াত নেতা হাফিজুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সমেঞ্চলনে বলা হয়, বৃহস্পতিবার সকালে র‌্যাবসহ অজ্ঞাত মুখোশ পরা বন্দুকধারীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবুর বাসভবনে অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁর পায়ে গুলি করে তাঁর ভাই বাচ্চুসহ দুজনকে আটক করতে বাসা থেকে টেনেহিঁচড়ে বের করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চকবাজার পৌঁছালে মুখোশধারী ব্যক্তি ও র‌্যাবের সদস্যরা মিছিলে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হয়ে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ জুয়েল ঘটনাস্থলেই নিহত হন। তাঁর লাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়ে যান। এখনো লাশটি পাওয়া যায়নি। এ ছাড়া র‌্যাবের গুলিতে বিএনপির নেতা মাহবুবুর রহমান, যুবদল নেতা সুমন ও শিবিরের কর্মী শিহাব নিহত হন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে র‌্যাব-পুলিশ এবং অজ্ঞাত মুখোশধারীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর বাসভবনে হানা দেয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে তাঁকে উদ্ধার করতে যান। চকবাজার এলাকায় র‌্যাব অতর্কিত গুলি ছোড়ে। এতে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল মাহমুদ জুয়েল ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া ১৮ দলের তিন নেতা-কর্মীর নিহত হওয়ার খবর পাওয়া যায়।