লাশ দাফনে ঋণদাতাদের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় ঋণ থেকে মুক্তি পেতে নায়েব আলী (৫৮) নামের এক মুদি ব্যবসায়ী গত সোমবার আত্মহত্যা করেছেন। তবে ঋণদাতাদের বিরুদ্ধে তাঁর লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
নায়েব আলী উপজেলার নিমগাছি ইউনিয়নের লাংলু গ্রামের বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নায়েব আলী পৈতৃক সূত্রে ১৫ শতক জমির মালিক ছিলেন। তিনি এলাকার কয়েকজন ব্যক্তির কাছে জমিটুকু ২ লাখ ৫০ হাজার টাকায় বন্ধক রেখে প্রায় ছয় বছর আগে বাড়ির পাশে একটি মুদি দোকান দেন। দোকানের আয় দিয়ে তাঁর সংসার চলত। তবে ব্যবসায় লোকসান হওয়ায় প্রায় দুই মাস আগে ওই দোকান বন্ধ হয়ে যায়। এ কারণে ঋণদাতারা টাকা ফেরতের জন্য নায়েব আলীর ওপর চাপ সৃষ্টি করেন। ঋণ পরিশোধের চাপ সইতে না পেরে নায়েব আলী সোমবার বিকেল চারটার দিকে বাড়ির পাশে ধানখেতের মধ্যে বিষপান করে অসুস্থ হয়ে পড়েন। নায়েব আলীর পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নায়েব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঋণদাতারা নায়েব আলীর বাড়িতে হাজির হন। এ সময় তাঁরা ঋণের টাকার দাবি করে লাশ দাফনে বাধা দেন। তাঁদের বাধার মুখে ওই দিন তাঁর লাশ দাফন করা সম্ভব হয়নি। পরের দিন গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁর লাশ দাফনে সহায়তা করে।
নিমগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও লাংলু গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘এলাকার কয়েকজন ব্যক্তি আমার কাছে নায়েব আলীর কাছে ঋণের টাকা পাওয়ার কথা বলেন। আমি তাঁদের সেই কথা নায়েব আলীর পরিবারকে জানিয়েছি। নায়েবের পরিবার এই টাকা জমি বিক্রি করে পরিশোধে রাজি হলে ঋণদাতারা লাশ দাফনের অনুমতি দেন।’
নায়েব আলীর স্ত্রী মর্জিনা খাতুন বলেন, ‘হামাইগরে কোনো ছেলে-মাইয়া নাই। দেনার টেকা শোধ করতে না পারি স্বামী লজ্জায় বিষ খাছে। পাওনাদাররা কছে টেকা শোধ করতে না পারলি তোমার স্বামীর লাশ দাফন করতি দেওয়া হবি না। রাত্রিবেলায় লাশ দাফন করা হয়নি। হামার শ্বশুর টেকা দেওয়ার কথা স্বীকার করায় তারা চলি গেছে।’
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, ঋণের দায়েই নায়েব আলী বিষপানে মারা গেছেন। ঋণের টাকা পরিশোধ করা নিয়ে নায়েবের পরিবার ও এলাকার কয়েকজন ব্যক্তির মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছিল। এসব সমস্যার সমাধান করতে গিয়ে লাশ দাফনে বিলম্ব হয়। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার খবর পেয়ে ঋণদাতারা পালিয়ে গেছেন। এ বিষয়ে নায়েবের স্ত্রী অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।