লাশ দুটি ছাত্রদল নেতা ও যুবলীগ কর্মীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলার চাটখিলে একটি পুকুর ও পাশের একটি খাল থেকে উদ্ধার করা গুলিবিদ্ধ দুটি লাশের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন যুবলীগের কর্মী আল-আমিন (২৬) ও মোহাম্মদপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন ওরফে আকাশ (২৫)। তাঁরা দুজনেই বন্ধু ছিলেন।
আজ সোমবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে চাটখিল থানার পুলিশ পশ্চিম দেলিয়া গ্রামের তাহেরের পোল এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করে। পরে একজনের পকেটে থাকা একটি ভোটার আইডি কার্ডের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
আল-আমিনের ছোট ভাই আরমান হোসেন ও মিকাইলের চাচাতো ভাই মো. সজীব দুজনের পরিচয় নিশ্চিত করেছেন। আল-আমিন চাটখিল পৌরসভার ভিমপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে আর মিকাইল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাওড়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে। আল-আমিন পৌরসভা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন।
চাটখিল ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা মিকাইলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। অন্যদিকে উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ উল্লা আল-আমিনকে দলের কর্মী বলে জানান। তিনি দাবি করেন, ঘটনাটি দলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ঘটেছে।
এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে দুপুরে যুবলীগের কর্মীরা চাটখিল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। তাত্ক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় যুবলীগের কর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল আজ দুপুরে প্রথম আলোকে বলেন, নিহত আল-আমিনের নামে দুটি অস্ত্র মামলা রয়েছে। দুজনই ঘনিষ্ঠ বন্ধু এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাই অভ্যন্তরীণ বিরোধের জের ধরে খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।