লাশ দেখিয়ে গন্তব্যে গেলেও ফিরতে পারেনি অ্যাম্বুলেন্সটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি গতকাল রোববার ভোরে একটি লাশ নিয়ে যায় বগুড়ায়। পথে পিকেটারদের কবলে পড়ে লাশটি দেখাতে হয়।
কিন্তু আর সেটি ফিরতে পারেনি। এ কারণে সারা দিন স্বাস্থ্য কমপ্লেক্সে আসা জরুরি রোগীদের উন্নত চিকিৎসার জন্য আর বগুড়ায় নিতে পারেনি তাদের আত্মীয়স্বজনেরা।
ছোট ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান মণ্ডলপাড়ার আবু আবদুল্লাহ। বিকেলে তিনি বলেন, ‘ছোট ভাই চিকিৎসার জন্য ভারতে গেছে। তার স্ত্রীর প্রসবব্যথা উঠেছে। দ্রুত তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনি। কিন্তু জটিলতা থাকায় এখানকার চিকিৎসকেরা প্রসূতিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিতে বলেন। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি ছিল না। শুনেছি, ওটি বগুড়ায় আটকা পড়েছে। পরে অতিরিক্ত টাকা দিয়ে প্রাইভেট কার বা মাইক্রোবাসও ভাড়া করার চেষ্টা করে ব্যর্থ হই। শেষে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করি রোগী। কিন্তু সেখানেও হরতালের কারণে চিকিৎসক আসতে পারছেন না। এখন মোটরসাইকেলে লাল কাপড় বেঁধে বগুড়া থেকে শল্যচিকিৎসককে আনার চেষ্টা করছি। দেখি কী হয়।’
উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজী সাইফুল আলম চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি সকালে একটি লাশ নিয়ে বগুড়ায় যায়। কিন্তু বগুড়া-নওগাঁ সড়কের কয়েকটি স্থানে পিকেটারদের কবলে পড়ে। পরে অ্যাম্বুলেন্সটির ক্ষয়ক্ষতির আশঙ্কায় সেটি আর বগুড়া থেকে ফিরতে পারেনি। সকালে আরও একজন রোগীকে শজিমেকে পাঠিয়েছি। হরতালে জটিল রোগী নিয়েও ভয়ংকর বিপদে পড়ছে পরিবারের লোকজন।’
আটকে পড়া অ্যাম্বুলেন্সের চালক হায়দার আলী মুঠোফোনে বলেন, ‘লাশ নিয়ে বগুড়ায় যাওয়ার পথে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড, কাহালুর বারমাইল, দরগাহাট, বগুড়ার এরুলিয়া, চারমাথা রেল ঘুমটিতে পিকেটারদের কবলে পড়তে হয়েছে। পিকেটাররা কোনো কথা শুনতে চায় না। শ্যাষে অ্যাম্বুলেন্সের দরজা খুলি লাশ দ্যাখে ছেড়ে দিয়ছে। তারা হুমকি দেয়ছে, এর পর কোনো রোগী নিয়া যাবার চেষ্টা করিলে অ্যাম্বুলেন্সসহ তোকে পুড়ে মারমো।’