লাশ নিয়ে বিপাকে পুলিশ
রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক বৃদ্ধের লাশ নিয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বিপাকে পড়েছে।
বাগমারা থানা-পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর আগে ওই বৃদ্ধের দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে তাঁর কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় তাঁকে দাফনও করা যাচ্ছে না।
বাগমারার গণিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, গত মঙ্গলবার পরিষদের বারান্দায় অসুস্থ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তিনি তাঁর খোঁজখবর নেন। এ সময় ওই ব্যক্তি নিজেকে সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ও একজন শ্রমিক বলে দাবি করেন। পরে তিনি গ্রাম-পুলিশের মাধ্যমে চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভর্তির সময় ওই ব্যক্তি নিজের নাম আবু তাহের (৭১) বলে জানান। ভর্তি রেজিস্টার অনুযায়ী ওই বৃদ্ধ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রশিদপুর গ্রামের মৃত মহির উদ্দিন মণ্ডলের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের পাশের বাসিন্দা তপন কুমার সরকারসহ চার-পাঁচটি ওষুধের দোকানদার অভিযোগ করেন, ওই বৃদ্ধকে ভর্তির পর কোনো চিকিৎসা করা হয়নি। হাসপাতালের শয্যা খালি থাকলেও তাঁকে মেঝেতে ফেলে রাখা হয়েছিল।
তবে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘শুনেছি কর্তব্যরত চিকিৎসকেরা ভালোভাবে তাঁর চিকিৎসা করেছেন, ভর্তির আগে থেকে বৃদ্ধের অবস্থা ভালো না ছিল না।’ তিনি হৃদ্রোগী ছিলেন বলেও তিনি জানিয়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখা যায়। কেউ লাশ নিতেও আসেনি। লাশের শরীর ফুলে গেছে। মুখমণ্ডলে সাদা দাড়ি-গোঁফ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, লাশ নিয়ে তাঁরা রীতিমতো বিপাকে পড়েছেন। লাশ সংরক্ষণের জন্য হাসপাতালে কোনো হিমঘর বা অন্য কোনো ব্যবস্থা নেই। লাশ পচে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। তাঁরা নিজেরাও পরিচয় উদ্ধারের চেষ্টা করছেন এবং পুলিশের সহযোগিতা চেয়েছেন।
বাগমারা থানার উপপরিদর্শক জাকির হোসেন জানান, বৃদ্ধের দেওয়া ঠিকানায় উল্লাপাড়া থানার পুলিশ গিয়ে ওই নামের কোনো ব্যক্তির সন্ধান পায়নি।