লাশ নিয়ে টানাটানি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শহরের বাইরের কোনো রোগীর মৃত্যু মানেই তাঁর স্বজনদের লাশ টানা গাড়ি চক্রের হাতে পড়ে নাজেহাল হওয়া। স্বজনের হাতে রোগীর মৃত্যুসনদ আসার আগেই দালাল গিয়ে ওয়ার্ডে হাজির। তাঁর হাত থেকে নিষ্কৃতির কোনো উপায় থাকে না। তিনি যে দাম হাঁকবেন, সে দামেই তাঁর পছন্দের গাড়িতে করে লাশ নিয়ে বাড়ি ফিরতে হবে।
কয়েকজন ভুক্তভোগী, দালাল ও গাড়িচালকের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে। এ অবস্থা থেকে রেহাই পেতে হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
দালাল চক্রের একজনের ভাষ্যমতে, তাঁদের নিজেদের গাড়ি নেই। কিন্তু তাঁরা স্থানীয় বাসিন্দা। হাসপাতালে লাশ ধরার কাজে তাঁর মতো ৮-১০ জন নিয়োজিত আছেন। তিনি বলেন, প্রথমে সহানুভূতি দেখিয়ে মৃত ব্যক্তির স্বজনদের ডেকে নেওয়া হয়। পরে চড়া ভাড়া হাঁকা হয়। এতে রাজি না হয়ে স্বজনেরা অন্য কোনো গাড়ির কাছে যাবেন, তাতেও রক্ষা নেই। প্রথম দালাল স্বজনের পিছু পিছু যাবেন। সেখানে তাঁকে দেখে অন্য কোনো গাড়িচালক আর যেতে রাজি হন না। ফলে শেষ পর্যন্ত চড়া ভাড়াই গুনতে হয় স্বজনদের।
৩ মার্চ রাত সাড়ে ১১টায় হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে মারা যান সোনাভান বেগম (৭৫) নামের এক রোগী। তাঁর বাড়ি বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে। সোনাভানের ছেলে বজলুর রশিদ বলেন, তাঁর মায়ের লাশ ওয়ার্ড থেকে বের করার আগেই একজন লোক এসে হাজির হন। তিনি বলেন, ‘লাশ নিয়ে যাবেন—গাড়ি লাগলে বলেন।’ ভাড়া জানতে চাইলে তিনি সাত হাজার টাকা চান। এরপর তিনি তাঁকে ‘না’ বলে ওয়ার্ড থেকে নিচে নেমে যান। তখন তাঁর পেছনে পেছনে আসেন ওই ব্যক্তিও। নিচে নেমে অন্য যে গাড়ির কাছেই যান, ওই ব্যক্তি তাঁর সঙ্গে সঙ্গে থাকেন আর বলেন, তিনি সাত হাজার টাকা চেয়েছেন। এ কথা শুনে অন্যরা আর সাত হাজারের কমে যেতে চান না। ওই রাতে হাসপাতাল চত্বরে প্রায় অর্ধশত গাড়ি ছিল। কিন্তু কারও কাছে গিয়েই তিনি সুবিধা করতে পারেননি।
বজলুর রশিদ বলেন, এরপর তিনি বাড়িতে ফোন করে তাঁদের গ্রামের একটি মাইক্রোবাস পাঠাতে বলেন। কিন্তু ওই মাইক্রোবাসচালক বলেন, দালালেরা তাঁর গাড়ি হাসপাতালের ভেতরে ঢুকতে দেবেন না। তিনি পরামর্শ দেন, লাশটা কোনোভাবে একটা ভ্যানে তুলে নগরের রেলগেট এলাকায় নিয়ে যেতে। কথামতো তিনি (বজলুর) একটি ভ্যান ভাড়া করার চেষ্টা করেন। কিন্তু সেখানেও দালালদের দৌরাত্ম্য। তাঁরা সব ভ্যানচালককে ইশারায় না করে দেন। কোনো ভ্যানই লাশ নিতে রাজি হয়নি।
বজলুর রশিদের বর্ণনা অনুযায়ী, তখন রাত প্রায় একটা বেজে গেছে। ততক্ষণে তিনিও বুঝে গেছেন, দালাল চক্রের খপ্পরে পড়ে গেছেন। একপর্যায়ে দালালেরাই এসে তাঁকে বোঝান, ‘আপনি যা-ই করেন, আপনাকে তো যেতেই হবে। আপনি অন্য গাড়ির চেষ্টা করছেন কেন?’ তখন হাসপাতালের পরিচিত এক ওয়ার্ডবয় দালালদের সঙ্গে তাঁদের আপসরফা করে দেন। ভাড়া ঠিক হয় ৪ হাজার ২০০ টাকা। হাসপাতালের লাশ বহনকারী একটি গাড়ির চালক নাম প্রকাশ না করে বলেন, ‘যারা লাশ ধরে, তারাও তো পরিশ্রম করে। গাড়ির চালকদের এ কাজটা করতে হয় না। এতে তাদের (গাড়িচালক) সুবিধাই হয়। বিনিময়ে তাদের (দালাল) কিছু দিতে হয়।’ অতিরিক্ত ভাড়া নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো কোনো দিন সারা দিন বসে থেকেও ভাড়া মেলে না। তাই একটু ধরে নিতে হয়।’
জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক গাজি সাইফুল আলম চৌধুরী বলেন, তাঁরা বিষয়টি জানেন। সপ্তাহ খানেক ধরে এটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কিন্তু পর্যাপ্ত লোকবল না থাকায় এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটাসহ অন্যান্য কাজের জন্য ২৫ জন আনসার সদস্য পদায়ন করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় সেটা নাকচ করে দিয়েছে।