লাশ নিয়ে দালাল চক্রের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুর পর স্বজনেরা আহাজারি করারও সুযোগ পাচ্ছেন না। কারণ লাশ বাড়িতে নিয়ে যাওয়া নিয়ে তাঁরা পড়ছেন চরম বিপাকে।লাশ পরিবহন করা অ্যাম্বুলেন্স চক্রের বাধায় তাঁরা নিজস্ব ব্যবস্থায় লাশ নিয়ে যেতে পারছেন না। লাশ পরিবহনের জন্য ওই চক্রকে তিন থেকে চার গুণ বেশি অর্থ দিতে হচ্ছে।হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা বলেন, ওই অ্যাম্বুলেন্স চক্রের কাছে তাঁরাও জিম্মি হয়ে পড়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, এমনকি আইনশৃঙ্খলা কমিটির সভায়ও আলোচনা হয়েছে। হাসপাতাল চত্বরে লাশ পরিবহন নিয়ে প্রায়ই গোলযোগ সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।গাইবান্ধার সুন্দরগঞ্জের আউয়াল ব্যাপারী (৭৫) ২১ মে মারা যান। এরপর লাশ নিয়ে চলে টানাহেঁচড়া। আউয়াল ব্যাপারীর স্বজন হাবিবুর রহমান বলেন, নিজস্ব ব্যবস্থায় তাঁরা লাশ বহন করতে চাইলে হাসপাতাল চত্বরের অ্যাম্বুলেন্স চক্রটি তাঁদের বাধা দেয়। প্রায় দুই ঘণ্টা লাশ পড়ে থাকে হাসপাতালের বারান্দায়। পরে বাধ্য হয়ে একটি অ্যাম্বুলেন্স ছয় হাজার টাকায় ভাড়া করেন। প্রকৃত ভাড়া ছিল দুই হাজার টাকা। ওই অ্যাম্বুলেন্সের চালক আশরাফুল ইসলাম বলেন, স্থানীয় একটি মহলকে গাড়িপ্রতি এক থেকে দুই হাজার টাকা চাঁদা দিতে হয়। এ কারণে বেশি ভাড়া নিতে হয়। তবে ওই মহলের কারও নাম তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।গত শনিবার পঞ্চগড়ের দেবীগঞ্জের ইয়াসীন আলীর (৪০) মৃত্যু হয়। তাঁর স্বজন ইসরাত আলী জানান, রোগী মারা যাওয়ার পর শোক ভুলে লাশ পরিবহন নিয়ে চিন্তায় পড়তে হয় তাঁদের। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আট হাজার টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন, যা প্রকৃত ভাড়ার দ্বিগুণ।হাসপাতাল সূত্রে জানা গেছে, এই হাসপাতালে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন রোগী মারা যায়। স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিপাকে পড়ছেন। হাসপাতাল চত্বরের ভেতরে অবস্থান নেওয়া লাশ বহনকারী অ্যাম্বুলেন্সগুলোর চালকদের সঙ্গে রোগীর স্বজনদের প্রায়ই বাগিবতণ্ডা ও অপ্রীতিকর ঘটনা ঘটছে।অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা স্বীকার করে হাসপাতাল চত্বরে থাকা একটি অ্যাম্বুলেন্সের চালক তারাজুল ইসলাম বলেন, মাঝেমধ্যে বাগিবতণ্ডা হলেও তা পরে ঠিক হয়ে যায়।এদিকে লাশ পরিবহনে মৃত ব্যক্তির স্বজনদের ভোগান্তি দূর করতে হাসপাতাল চত্বরে ‘ধাপ অপরাধ দমন ও জনকল্যাণ কমিটি’ নামের একটি সংগঠনের ব্যানারে লেখা রয়েছে ‘সম্পূর্ণ দালালমুক্ত লাশবাহী গাড়ি’। দালাল থেকে রোগীর স্বজনদের ভোগান্তি দূর করতে এই সংগঠন সম্প্রতি মেডিকেল মোড়ে মানববন্ধনও করেছে। সংগঠনের প্রধান উদ্যোক্তা আহ্বায়ক আরিফুল ইসলাম জানান, লাশ পরিবহনে মৃত ব্যক্তির স্বজনদের বিড়ম্বনা দূর করতে উদ্যোগ নেওয়া হলেও একটি পক্ষ এতে বাধা দিচ্ছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।