লাশ নিয়ে পালানোর সময় চালক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে রাস্তা পার হওয়ার সময় গতকাল রোববার সকালে বাসের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় এক কিশোর। এ সময় বাসচালক লাশটি বাসে উঠিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ বাসসহ চালককে গ্রেপ্তার করে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-কুষ্টিয়া ডিলাক্স পরিবহনের একটি খালি বাস দৌলতদিয়া টার্মিনালের কাছে পার্কিং করার সময় এর ধাক্কায় এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। বাসচালক বিষয়টি বুঝতে পেরে ওই কিশোরের লাশ বাসে উঠিয়ে ফরিদপুরের উদ্দেশে দ্রুতগতিতে যাত্রা করেন। কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল পুলিশ কর্মকর্তাদের ঘটনাটি জানান। ক্যানেলঘাট এলাকায় কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাসটিকে চালকসহ আটক করেন। লাশের পরিচয় জানা না গেলেও নিহত কিশোরের ডান হাতের বাহুতে মেহেদি রং দিয়ে শামীম লেখা ছিল।চালক রিয়াজুল ইসলাম (৪০) দাবি করেন, বাসটি ঘোরানোর সময় পেছন থেকে অপর আরেকটি লোকাল বাস ওই কিশোরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে (কিশোর) হাসপাতালে নেওয়ার জন্য তাঁর বাসে তুলে দেয়।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, লাশ নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ঘাতক বাসসহ চালককে আটক করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।