মাদারীপুরের ডাসার থানার পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ ওঠা ব্যবসায়ী শাহিন মোল্লার লাশ নিয়ে গতকাল সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী৷ তারা ডাসার থানা ঘেরাও করলে পুলিশ সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে৷ এ সময় পুলিশের লাঠিপেটা ও ইটপাটকেলের আঘাতে ১০ জন আহত হয়৷
এদিকে ময়নাতদন্তে শাহিনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসক জানিয়েছেন৷ নির্যাতন করে হত্যার অভিযোগে ডাসার থানার পুলিশের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন শাহিনের দুবাইপ্রবাসী বাবা মোস্তফা মোল্লা৷
মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গত রোববার রাত আটটায় শাহিনের লাশ গ্রহণ করেন তাঁর খালা সেলিনা বেগম৷ রাত ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা বাজারের বাড়িতে শাহিনের লাশ পৌঁছে৷ এ সময় অসংখ্য স্বজন ও গ্রামের লোকজন কান্নায় ভেঙে পড়েন৷
গতকাল বিকেল পাঁচটার দিকে শাহিনের লাশ নিয়ে সালতা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁর স্বজন ও কয়েকটি গ্রামের ক্ষুব্ধ লোকজন৷ তাঁরা মিছিল নিয়ে ডাসার থানা ঘেরাও করেন৷ তাঁরা পুলিশের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং নির্যাতনে জড়িত পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবি করেন৷ এ সময় পুলিশ সদস্যরা লাঠিপেটা শুরু করলে গ্রামবাসী ইটপাটকেল নিক্ষেপ করে৷ পরে পুলিশের সঙ্গে ডাসার গ্রামের লোকজন যোগ দেয়৷ শুরু হয় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ৷ এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়৷
৮ জুন রাতে ডাসার থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান কম্পিউটার ব্যবসায়ী শাহিনসহ তিনজনকে আটক করেন৷ শাহিনের পরিবারের সদস্যদের অভিযোগ, এসআই নাজমুল ৫০ হাজার টাকা নিয়ে অন্য দুজনকে ছেড়ে দিলেও শাহিনকে আটকে রেখে নির্যাতন করেন৷ পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠান৷ শনিবার রাত ১০টার দিকে কারা পুলিশের হেফাজতে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়৷
শাহিনের খালা সেলিনা বলেন, পুলিশ শাহিনকে নির্যাতন করে মেরে ফেলেছে৷ তাঁর লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে৷
এ প্রসঙ্গে মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, ‘আরে ভাই, কার কখন মৃত্যু হবে, তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না৷ কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে শাহিন হাসপাতালে মারা গেছে৷ এর দায়দায়িত্ব পুলিশের নয়৷’
তবে শাহিনের ময়নাতদন্তকারী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ছিদ্দিকুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শাহিনের দুই হাঁটুর নিচে আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে৷
শাহিনের বাবা মোস্তফা মোল্লা বলেন, ‘আমার নিষ্পাপ সন্তানকে যারা হত্যা করেছে, তাদের ক্ষমা করব না৷ ডাসার থানার ওসি ও এসআই নাজমুলের বিরুদ্ধে আদালতে মামলা করব৷’
গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান জানান, ডাসার থানা গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের কাছে হওয়ায় পুলিশ প্রায়ই এলাকার নিরীহ লোকজনকে ধরে নিয়ে জিম্মি করে টাকা আদায় করে থাকে৷ টাকা না দিলে তাঁদের বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হয়৷