রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত আনোয়ার হোসেনের (৩২) লাশ নেয়নি তাঁর পরিবার। পরে দাতব্য সংস্থা কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে গত বুধবার রাতে রাজশাহীতে লাশটি দাফন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত আনোয়ার হোসেন জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিলেন। তাঁর বাড়ি নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের উত্তর পারইল গ্রামে।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর বুধবার দুপুরে তদন্ত কর্মকর্তা হিসেবে তিনি লাশ নিয়ে পারইল গ্রামে যান। সেখানে আনোয়ারের মা সুরুতজান বেওয়া ছেলের লাশ গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তিনি জঙ্গিবাদে জড়িত ছেলের প্রতি ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন। পরে পুলিশ রাজশাহীতে ফিরে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে লাশটি দাফন করে।
গত শনিবার বাগমারার ঝিকড়ার জোয়ানভাগ এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন আনোয়ার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লাশটি রাখা ছিল। মঙ্গলবার ছবি দেখে সুরুতজান বেওয়া আনোয়ারের লাশ শনাক্ত করেন।