লাশ পরিবারের কাছে হস্তান্তর, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে নিহত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য বিন্দুলাল চাকমা ও শরবিন্দু চাকমার লাশ গতকাল রোববার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে পরিবারের সদস্য, আত্মীয় ও জনপ্রতিনিধিরা নিহতদের লাশ শনাক্ত করেন।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম চৌধুরী জানান, বিন্দুলাল ও শরবিন্দুর হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনের নামসহ ১০ জনকে আসামি করে মামলা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম বলা যাবে না। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মংক্যাচিং জানান, নিহত দুজনকেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তা ছাড়া শরবিন্দু চাকমার বুকে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।গত শনিবার বেলা ১১টার দিকে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের মগপাড়া গ্রামে পার্বত্যচুক্তিবিরোধী ইউপিডিএফের এ দুই সদস্যকে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে হত্যা করে। এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে পার্বত্যচুক্তির পক্ষের জনসংহতি সমিতিকে দায়ী করা হয়। তবে জনসংহতি সমিতি এ অভিযোগ অস্বীকার করেছে।