লাশ পাবে ঢাকা মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই স্ত্রীর কাউকে নয়, শিক্ষক চন্দন কুমার চক্রবর্তী ওরফে সাজ্জাদ হোসেনের লাশ ঢাকা মেডিকেল কলেজকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন এ নির্দেশ দেন।এক মাস আগে দুর্বৃত্তদের হাতে নিহত এই শিক্ষকের লাশ দাবি করে তাঁর দুই ধর্মের দুই স্ত্রী আদালতের দ্বারস্থ হয়ে নিজ নিজ ধর্মমতে শেষকৃত্যের দাবি জানান। এ নিয়ে গত ৩ জানুয়ারি থেকে আদালতে কয়েক দফায় শুনানি হয়। নিহত ব্যক্তির লাশ রাখা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে।কিন্তু আদালত নিহত শিক্ষক হিন্দু না মুসলিম এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তাই গবেষণার কাজে ব্যবহার করতে লাশটি ঢাকা মেডিকেল কলেজের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে শিক্ষক চন্দনের প্রথম স্ত্রী দাবিদার তিথি চক্রবর্তীর আইনজীবী আদালতকে অবহিত করেন। এ সময় দ্বিতীয় স্ত্রীর দাবিদার আকলিমা আকতারের আইনজীবীও আদালতে উপস্থিত ছিলেন।আদালত আদেশের কিছু অংশ পড়ে শোনান। আদেশে বলা হয়, শিক্ষক চন্দন কুমার গত ২৫ ডিসেম্বর রাতে খিলগাঁও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে এবং অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় একটি মামলা করে। পরে খবর পেয়ে দ্বিতীয় স্ত্রী হিসেবে আকলিমা আকতার চন্দনের লাশ চেয়ে আবেদন করেন। এরই মধ্যে খবর পেয়ে উচ্চ শিক্ষার্থে ভারতে থাকা চন্দনের প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী ঢাকায় ফেরেন এবং স্বামীর লাশ চেয়ে আবেদন করেন। এ নিয়ে বির্তকের সৃষ্টি হলে নিহত চন্দন হিন্দু না মুসলমান তা নির্ধারণের জন্য আদালত সাক্ষ্য গ্রহণ করেন। দ্বিতীয় স্ত্রী আকলিমা আকতারের পক্ষে বলা হয়, নিহত চন্দন হলফনামার মাধ্যমে হিন্দুধর্ম ত্যাগ করে তাঁকে বিয়ে করেছেন। এ বিষয়ে আদালত হলফনামা সম্পাদনকারী নোটারি পাবলিকসহ তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন। অপরদিকে শিক্ষক চন্দন যে হিন্দু ধর্মাবলম্বী তার সপক্ষে প্রথম স্ত্রী তিথি চক্রবর্তী জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্র দাখিল করেছেন। তিথি চক্রবর্তী যে চন্দনের স্ত্রী পরিচয়ে ভারতে লেখাপড়া করছেন এ সংক্রান্ত কাগজপত্রও দাখিল করা হয়েছে। তদন্ত কর্মকর্তা ও খিলগাঁও থানার উপপরিদর্শক মো. আসলাম আদালতকে বলেন, রাজধানীর খিলগাঁও আইডিয়াল কলেজের সাবেক শিক্ষক চন্দন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। পরে তিনি আকলিমা আকতারকে বিয়ে করেন। তিনি বলেন, আকলিমার দাবি অনুযায়ী তাঁদের বিয়ে পড়ানো মৌলভি আনিসুল ইসলামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আদালতে হাজির করা সম্ভব হয়নি।এ ছাড়া চন্দন হত্যা ঘটনায় স্ত্রী তিথি চক্রবর্তী গত ২৭ ডিসেম্বর মহানগর হাকিম আদালতে একটি মামলা করেন। সে মামলাটি এখন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি তদন্ত করছে।