লাশ পুনঃময়নাতদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে চাঞ্চল্যকর কবদুল শেখ হত্যার ঘটনায় লাশ পুনঃ ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। শেরপুরের মুখ্য বিচারিক হাকিম (ভারপ্রাপ্ত) আ ন ম ইলিয়াছ গতকাল রোববার বিকেলে এ আদেশ দেন।
আদেশে আদালত একজন নির্বাহী হাকিমের উপস্থিতিতে নিহত কবদুল শেখের মৃতদেহ উত্তোলন করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মচিমহা) পাঠাতে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
শেরপুর কোর্ট পুলিশের উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান আদেশের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এর আগে আদালতে দাখিলকৃত ময়নাতদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে কবদুল শেখের জ্যেষ্ঠ ছেলে ও মামলার বাদী মো. মঞ্জুরুল হকের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পুনঃ ময়নাতদন্তের এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, প্রদত্ত আদেশে আদালত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে বোর্ড গঠন করে মৃত কবদুল শেখের মৃতদেহ পুনঃ ময়নাতদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মচিমহার পরিচালক, শেরপুরের জেলা হাকিম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত ৪ ফেব্রুয়ারি রাতে শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর ভূঁইয়ারচর গ্রামের মৃত ময়েন সেখের ছেলে কবদুল সেখকে প্রতিপক্ষ দেলোয়ার হোসেনের সহযোগী আবদুল হক ভীমগঞ্জ বাজার থেকে ডেকে নিয়ে যান। পরদিন রাতে উপজেলার খুনুয়ারচর জঙ্গলদী গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত মৃগী নদীর উত্তর পাড়ে পানিতে অর্ধডুবা ও জিআই তার দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় কবদুলের লাশ পাওয়া যায়। এ ঘটনায় কবদুলের ছেলে মঞ্জুরুল হক বাদী হয়ে গত ৬ ফেব্রুয়ারি শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশের সুরতহাল প্রতিবেদনে কবদুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের কথা উল্লেখ থাকলেও গত ২৪ মার্চ ময়নাতদন্তকারী চিকিৎসক প্রতিবেদনে উল্লেখ করেন ফুসফুসের জটিল রোগে আক্রান্ত হয়ে কবদুলের মৃত্যু হয়েছে।
মঞ্জুরুল হক গত ১৬ জুন এ ময়নাতদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে শেরপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে নারাজি দেন। নিহত কবদুলের পরিবারের অভিযোগ, অর্থের বিনিময়ে সংশ্লিষ্ট ময়নাতদন্তকারী চিকিৎসক কবদুলের মৃত্যুর সঠিক কারণ গোপন করেছেন। তবে ময়নাতদন্তকারী চিকিৎসক আবুল বাশার মো. হাবিবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেন।