
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিন সিটি করপোরেশন নির্বাচন নস্যাৎ করার লক্ষ্যে লাশ ফেলার আরও খারাপ পরিকল্পনা করেছিল বিএনপি। হত্যার মাধ্যমে লাশ ফেলে দিয়ে তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে চেয়েছিল। কিন্তু তারা সে সুযোগ পায়নি। কারণ, আইন প্রয়োগকারী সংস্থাগুলো সক্রিয় ও সতর্ক ছিল। এ ছাড়া জনগণও তাদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক ছিল। খবর বাসসের।
বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবনে বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
ধর্মমন্ত্রী মতিউর রহমান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসৈ সিং, পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধভিক্ষু সংঘের সভাপতি শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহাথেরো ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথেরো অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ গ্রহণের ঘোষণা দিয়ে বিএনপি সবকিছুই করেছে। কিন্তু তারা মাঠে ছিল না। তাদের কোনো প্রতিনিধি ছিল না। কোনো এজেন্টও ছিল না। নির্বাচনের দিন ভোট গ্রহণ শুরু হওয়ার তিন ঘণ্টা পর হঠাৎ করে তারা নির্বাচন বয়কট করে।
প্রধানমন্ত্রী বলেন, ঈর্ষা, ঘৃণা, প্রতিশোধ কখনো জনগণের কল্যাণ বয়ে আনে না। কিন্তু দুঃখজনক হচ্ছে, বিএনপি-জামায়াত তিন মাস ধরে এ ধরনের অপরাধ করে চলেছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা, অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করার কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।