লাশ বহনের জন্য ‘বডি ব্যাগ’ পাচ্ছে চট্টগ্রাম পুলিশ
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় মৃত্যু কিংবা সন্ত্রাসীর হাতে খুন হওয়ার পর লাশ উদ্ধার ও পরিবহন করা নিয়ে পুলিশকে বিপাকে পড়তে হয়। বিষয়টি বিবেচনায় এনে পুলিশ সদর দপ্তর মৃত ব্যক্তির শরীর ঢেকে দেওয়ার থলে বা ‘বডি ব্যাগ’ সরবরাহ শুরু করছে। চট্টগ্রাম পুলিশের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সূত্র জানায়, খুন, অপমৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিদগ্ধ, ভবন ধস, লঞ্চডুবি, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত মানুষের মৃত্যু হয়। নিহত ব্যক্তির ময়নাতদন্তসহ লাশ বহনের জন্য পুলিশকে তাৎক্ষণিকভাবে চাটাই, পলিথিন, রশি ইত্যাদি ব্যবহার করতে হয়। এই উপকরণ সংগ্রহের প্রক্রিয়া ও পদ্ধতিতে মৃতদেহ বহন অমানবিকও বটে। হাটহাজারী অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আকতার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘যথাযথ সম্মানের মাধ্যমে লাশ পরিবহনের জন্য পুলিশ সদর দপ্তর থেকে নির্দিষ্ট থলে বা বডি ব্যাগ সরবরাহ করা হবে বলে আমাদের চিঠি দিয়ে জানানো হয়।’