লাশ মিলল তিন নারীর
রাজধানীর মিরপুর এলাকা থেকে তিন নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে এবং গতকাল সোমবার দিনের বিভিন্ন সময়ে দুজনের লাশ ঝুলন্ত অবস্থায় এবং আরেকজনের লাশ জলাশয় থেকে উদ্ধার করা হয়।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আলী প্রথম আলোকে বলেন, তাঁরা গত রোববার রাত পৌনে একটার দিকে পল্লবীর একটি বাড়িতে ফ্যানে ঝুলন্ত অবস্থায় শারমীন আকতার (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেন। তিনি বলেন, দাম্পত্য সম্পর্কজনিত জটিলতার কারণে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন বলে তাঁরা প্রাথমিক তথ্য পেয়েছেন। সুরতহাল প্রতিবেদনে ওই নারীর কপালের বাম পাশে জখমের চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে।
মিরপুরের শাহ আলী বেড়িবাঁধ এলাকা থেকে গতকাল ত্রিশোর্ধ্ব এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় জানা যায়নি। ওই নারীর পরনে সালোয়ার-কামিজ ছিল। শাহ আলী থানার এসআই আবদুল হামিদ বলেন, ওই নারীর লাশ বেড়িবাঁধ এলাকার জলাশয়ে ভেসে থাকতে দেখে লোকজন থানায় খবর দেয়। এরপর তাঁরা দুপুর সাড়ে ১২টার দিকে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এদিকে রূপনগরের একটি বাসা থেকে পুলিশ গতকাল রহিমা বেগম (২৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। রূপনগর থানার এসআই ফিরোজ ওয়াহিদ বলেন, গতকাল বেলা দুইটার দিকে তাঁরা লাশটি উদ্ধার করেন। ওই নারী দুই মাস আগে বাসায় কাজ করার জন্য তাঁর স্বামী নেত্রকোনা থেকে ঢাকায় নিয়ে আসেন বলে তাঁরা জানতে পেরেছেন।