জয়পুরহাটের পৌর এলাকার সুবর্ণা বেগম নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ গতকাল শুক্রবার পৌরসভার আদর্শ পাড়ায় তাঁর শ্বশুরবাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। সুবর্ণার পা বাঁধা ও মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল। অভিযোগ উঠেছে, ‘অপহরণের’ তিন মাস পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সুবর্ণাকে হত্যা করেন।
র্যাব পরিচয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার কাশিমিলা গ্রামের এক কাঠমিস্ত্রিকে তুলে নেওয়ার দুই মাস পরও খোঁজ মেলেনি। একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের এক স্কুলছাত্রও প্রায় দুই মাস ধরে নিখোঁজ। টাঙ্গাইলের সখীপুরের ব্যবসায়ী নেতাকে অপহরণের চার দিন পর এবং খাগড়াছড়ির দীঘিনালার এক গ্রামপ্রধানের (কার্বারি) সাত দিন পরও খোঁজ মেলেনি।
ঢাকার বাইরে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
জয়পুরহাট: ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের না জানিয়ে জয়পুরহাট পৌর এলাকার আদর্শপাড়ার আলী হাসান ভালোবেসে খালাতো বোন সুবর্ণাকে গত বছরের ৩ নভেম্বর বিয়ে করেন। বিয়ের পর তাঁরা ঢাকার মিরপুরে একটি ভাড়া বাসায় ওঠেন। সুবর্ণার পরিবারের অভিযোগ, বিয়ের বিষয়টি হাসানের পরিবার মেনে নেয়নি। পরে হাসানের পরিবারের পক্ষ থেকে ২৫ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। যৌতুক না দেওয়ায় হাসান তাঁর স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন।
সুবর্ণার (২২) বাবার বাড়ির লোকজন জানান, হাসান অনুষ্ঠানের কথা বলে গত ৩০ জানুয়ারি সুবর্ণাকে জয়পুরহাটের বাড়িতে নিয়ে আসেন। কিন্তু ওই দিন সন্ধ্যার পর মুঠোফোনে সুবর্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ বন্ধ পান তাঁরা। একপর্যায়ে তাঁরা হাসান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় সুবর্ণাকে জয়পুরহাটে নিয়ে আসার কথা অস্বীকার করেন হাসান। দীর্ঘদিন খোঁজ না পেয়ে সুবর্ণার মা সালমা বেগম বাদী হয়ে মিরপুর মডেল থানায় সুবর্ণার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ নয়জনকে আসামি করে গত ২৫ ফেব্রুয়ারি অপহরণ মামলা করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হেলেনা পারভীন প্রথম আলোকে জানান, গত বুধবার মুন্সিগঞ্জের শ্রীনগর থানার দোগাছী গ্রামের একটি বাড়ি থেকে প্রথমে সুবর্ণার শাশুড়ি রহিমা বেগম, শ্বশুর আরমান আলী ও ননদ শিউলী বেগমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে রহিমা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সুবর্ণার অর্ধগলিত লাশ গতকাল দুপুর পৌনে ১২টার দিকে উদ্ধার করা হয়। সুবর্ণার পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো ছিল।
সুবর্ণার শাশুড়ি গতকাল জয়পুরহাট সদর থানায় গণমাধ্যমকর্মীদের সামনে বলেন, সুবর্ণাকে তাঁর দুই ছেলে ৩১ জানুয়ারি হত্যা করেন।
সখীপুর (টাঙ্গাইল): সখীপুরের কালিয়া ঘোনারচালা বাজার বণিক সমিতির নেতা আবদুল বারী মিয়া (৫০) নিখোঁজ হওয়ার চার দিনেও তাঁর সন্ধান মেলেনি। তাঁকে জীবিত উদ্ধারের দাবিতে গতকাল বাজারের ব্যবসায়ীরা সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন। সমিতির সাধারণ সম্পাদক আব্বাস আলী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আবদুল বারীকে উদ্ধার করতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গত বৃহস্পতিবার উপজেলার ঘোনারচালা বাজারের ব্যবসায়ী সমিতির নির্বাচন হয়। নিখোঁজ ব্যবসায়ী আবদুল বারী নির্বাচনে কোষাধ্যক্ষ পদে প্রার্থী ছিলেন। গত মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচারণার কাজে বের হয়ে আর বাসায় ফেরেননি। এ ঘটনায় বুধবার সকালে তাঁর স্ত্রী সখীপুর থানায় জিডি করেন।
আদমদীঘি (বগুড়া): আদমদীঘি উপজেলার কাশিমিলা গ্রামের এক কাঠমিস্ত্রি ও কাঞ্চনপুর গ্রামের এক স্কুলছাত্র প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছে। স্কুলছাত্র গোলাম রব্বানীর পরিবারের পক্ষ থেকে আদমদীঘি থানায় জিডি করা হলেও কাঠমিস্ত্রি সোহাগের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন পুলিশ জিডি গ্রহণ করেনি।
পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, ১০ মার্চ রাতে র্যাব পরিচয়ে ১০-১২ জনের একটি দল সোহাগকে তুলে নিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা জয়পুরহাট ও বগুড়ায় র্যাবের ক্যাম্পে এবং ডিবি পুলিশ ও জেলখানায় খোঁজ করেও সোহাগের সন্ধান পাননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাঁদের জানানো হয়, সোহাগ নামের কাউকে গ্রেপ্তার করা হয়নি।
র্যাবের জয়পুরহাট ক্যাম্পের প্রধান মেজর আর রহিম প্রথম আলোকে জানান, তাঁর ক্যাম্পের কোনো সদস্য সোহাগ নামের কাউকে আটক করেননি।
এদিকে স্কুলছাত্র রব্বানীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ২৪ মার্চ উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রব্বানী বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। এরপর একটি অচেনা নম্বর থেকে তাঁদের মুঠোফোন করে জানানো হয়, রব্বানী চট্টগ্রামে দুর্ঘটনায় আহত। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ দরকার। কিন্তু পরে পরিবারের সদস্যরা ওই নম্বরে রিং করে তা বন্ধ পান।
আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, জিডির বিষয়টি তাঁর জানা নেই। যদি কেউ জিডি করে থাকেন তাহলে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।
দীঘিনালা (খাগড়াছড়ি): দীঘিনালায় ৩ মে অপহূত হওয়া দুর্গম উল্টাছড়ি গ্রামের প্রধান (কার্বারি) প্রিয় কান্তি চাকমার গতকাল পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ( জেএসএস-সন্তু) পক্ষ থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) দুষছে। তবে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।