লাশ শনাক্ত হলেও সহায়তা পায়নি আয়নালের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার নিশ্চিন্তপুরে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের নিহত শ্রমিকদের পরিবারকে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া আর্থিক সহায়তার টাকা পায়নি আয়নাল হকের পরিবার। তাঁর স্ত্রী রাশীদা আক্তার সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শূন্য হাতে ফিরেছেন।প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও লি অ্যান্ড ফাংয়ের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে নিহত ৪৩ জনের পরিবারকে ছয় লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু নিহত আয়নালের পরিবার এই সুযোগ থেকে বঞ্চিত হয়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, আয়নাল তাজরীন ফ্যাশনসের চতুর্থ তলায় কাজ করতেন। তাঁর কার্ড নম্বর ২০৩৮। ২৪ নভেম্বর আগুনে পুড়ে তিনি মারা যান। তিনি নিশ্চিন্তপুর গ্রামের আবদুল করিমের ছেলে। স্বজনেরা ঘটনার পরদিন নিশ্চিন্তপুর রেজিস্টার্ড বেসকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহ শনাক্ত করে বাড়িতে নিয়ে দাফন করেন। কিন্তু সরকারি তালিকায় তাঁর নাম নেই। এ কারণে তাঁর পরিবার কোনো সহায়তা পাচ্ছে না। আয়নালের ভাই মোতালেব হোসেন বলেন, পত্রিকায় সংবাদ পড়ে ভাবি রাশীদা বেগমকে নিয়ে তিনি গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। কিন্তু তালিকায় নাম না থাকায় তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।রাশীদা আক্তার জানান, লাশ নেওয়ার সময় তাঁকে হাতে লেখা একটি স্লিপ দেওয়া হলেও আর্থিক কোনো সহায়তা দেওয়া হয়নি। পরে তিনি জানতে পারেন, সরকারি তালিকায় তাঁর স্বামীর নাম নেই। বিষয়টি তিনি সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর হোসেন সরদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়েছিলেন। সবাই তাঁকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কোনো সুফল পাননি। ইউএনও কবীর হোসেন সরদার বলেন, ‘আয়নালের পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে।’