লাশটি তরুণ নাট্যকার দিদারুল ইসলামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা লাশটি স্থানীয় তরুণ নাট্যকার দিদারুল ইসলামের (২০)। লাশের পরনের কাপড় দেখে তাঁর পরিচয় সম্পর্কে স্বজনেরা গত বৃহস্পতিবার রাতে নিশ্চিত হয়েছেন। শহরের দেওভোগ এলাকার বাসিন্দা আওলাদ হোসেনের ছেলে দিদারুল ইসলামের লাশ ময়নাতদন্তের পর বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল। পরিচয় শনাক্ত হওয়ার পর সেই লাশ এখন কবর থেকে তোলার জন্য নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন জানানো হয়েছে। দিদারুলকে দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলেছিল বলে পুলিশের ধারণা।দিদারুল ইসলামের পরিবার সূত্র জানায়, দিদারুল গত সোমবার দিবাগত রাতে নিখোঁজ হন। তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। নাট্যকার হিসেবে তিনি অল্প বয়সেই সাফল্য অর্জন করেন। নারায়ণগঞ্জ ঐকিক থিয়েটারের সক্রিয় এই সদস্য শত মানুষের হাজার স্বপ্ন, হাড় তরঙ্গ এবং বক্তাবলী নামে তিনটি নাটক লিখেছেন। মুক্তিযুদ্ধের ৪০ বছর উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ মুক্তিযুদ্ধের ১০০টি নাটকের মধ্যে ছিল দিদারুল রচিত বক্তাবলী। ১৩ জুলাই মঞ্চস্থ ওই নাটকের জন্য তিনি প্রশংসিত হন। এ জন্য তাঁকে সম্মাননা হিসেবে একটি ক্রেস্টসহ পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়। নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় বলেন, নাট্যাঙ্গনে দিদারুল ইসলাম অল্প বয়সেই মেধার পরিচয় দিয়েছিলেন। তাঁর লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্ত না হওয়ার আগেই তড়িঘড়ি করে দাফন করা হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, নিহতের কাপড় দেখে তাঁর মা লাশ শনাক্ত করেছেন। বেওয়ারিশ হিসেবে লাশটি আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে শহরের মাসদাইর কবরস্থানে গত বুধবার সন্ধ্যায় দাফন করা হয়। এ ঘটনায় পুলিশ মামলা করেছে। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। শীতলক্ষ্যা থেকে দিদারুলের লাশ গত বুধবার সকালে উদ্ধার করা হয়। তাঁর পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।